শুক্রবার, মে ১, ২০২৬

যুক্তি-তথ্যনির্ভর সমালোচনার আহ্বান জামায়াত আমিরের: চরিত্রহননের বিরুদ্ধে সতর্কবার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-০৭-১৩ ১৫:০২:৪৯
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায় এবং সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনভিপ্রেত, অনৈতিক ও সমাজের জন্য ক্ষতিকর।”
রোববার (১৩ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দেশের সাম্প্রতিক সামাজিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক সংবেদনশীলতা ঘিরে এই মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “সাম্প্রতিক সময়ে আমাদের সমাজজীবনে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এই সংকট শুধু কোনো একটি পক্ষের নয়-এটি গোটা জাতির। তাই সরকার, রাজনৈতিক দল, পেশাজীবী সমাজসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এখনই সময় ন্যূনতম জাতীয় ঐক্যের জায়গা সৃষ্টি করার।”
তিনি আরও বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই সবার সাংবিধানিক অধিকার। তবে সেই স্বাধীনতা যেন অপব্যবহার না হয়, সেটিও গুরুত্বপূর্ণ। যুক্তি, তথ্য ও নৈতিকতা-এই তিনটিকে ভিত্তি করে যে কোনো সমালোচনা গ্রহণযোগ্য। কিন্তু ব্যক্তি বা দলের বিরুদ্ধে গুজব, অপপ্রচার বা চরিত্রহননের সংস্কৃতি কখনোই কাম্য নয়।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “এ ধরনের অশালীন, অবমাননাকর ও অবাঞ্ছিত আচরণ সমাজে শুধু বিশৃঙ্খলা, বিভাজন এবং বিদ্বেষ তৈরি করে। তাই আমাদের উচিত সংযত, দায়িত্বশীল ও বাস্তবতাসম্মত আচরণ করা।”
পোস্টের শেষে জামায়াত আমির মহান আল্লাহর কাছে দোয়া করে লেখেন, “মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার তাওফিক দেন এবং জাতিকে সহনশীলতা ও সৌজন্যবোধে পরিপূর্ণ একটি সমাজে পরিণত করেন।”

কিওয়ার্ডসঃ জামায়াত আমির, ডা. শফিকুর রহমান, চরিত্রহনন, শালীন প্রতিবাদ, যুক্তিনির্ভর সমালোচনা, জাতীয় ঐক্য, রাজনৈতিক শিষ্টাচার, বাংলাদেশ জামায়াতে ইসলাম, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক সংযম


এ জাতীয় আরো খবর