বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • তোমার আঙুল ছুঁয়ে আছে আমার কবিতা
  • ২০২৫-০৭-১২ ০০:৫৬:০২

তোমার আঙুল ছুঁয়ে আছে আমার কবিতা
যেন এক অদৃশ্য রেখায় লেখা থাকে শব্দের জন্মকথা।
তুমি ছুঁয়ে দিলেই জেগে ওঠে নিঃশব্দ ব্যাকরণ,
তোমার আঙুলের মাথায় জমে থাকা উষ্ণতায়
শব্দেরা খুঁজে পায় প্রেম, ছন্দেরা খুঁজে পায় হিন্দোল।
বুঝি না কীভাবে লিখে ফেলি এতসব
শুধু জানি, তুমি থাকলে শব্দেরা উড়ে আসে
উড়ে যায় অনন্ত ভাবনার প্রান্তরে,
তখন তোমার চোখের মেঘ জমে আমার কাগজে
আর দূরের আকাশটা হয়ে ওঠে আমার কবিতার ছাদ।
তুমি এলেই কাগজের বুকে ওঠে কোলাহল
শব্দেরা কুড়াতে থাকে তোমার পায়ের নূপুর, ফেলে যাওয়া সুর।
তোমাকে ধরে রাখতে চায় তারা, হয়তো পারে না
তবু অজান্তেই ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে কাগজে,
হয়তো সে জলের নামই ভালোবাসার উপমা-উৎপ্রেক্ষা।
সে অশ্রুপাতেই তোমার ছায়া গলে গলে
মিশে যায় আমার নিরাভরণ কবিতায়।

 


এ জাতীয় আরো খবর