বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু’টোল ফ্রি করার দাবিতে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-৩০ ১৯:৫৫:৫৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরপ্রান্তে জেলা সদরের সাথে জেলার শিবগঞ্জ উপজেলা হয়ে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়কে  মহানন্দা নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন সেতু ( পুরাতন মহানন্দা সেতু)  ‘টোল ফ্রি’ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ  সড়ক ভবনের সামনের সড়কে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’ নামে একটি সংগঠন এই কর্মসূচী পালন করে।
এ সময় বক্তব্য দেন আয়োজক সংগঠনের আহব্বায়ক তরিকুল আলম মোল্লা,আইনজীবী শফিক এনায়েতুল্লাহ ও নূরে আলম সিদ্দিকী আসাদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মোটর শ্রমিক নেতা সাইদুর রহমান, চেম্বার পরিচালক রাইহানুল ইসলাম লুনা সহ অন্যরা।
ঘন্টাব্যাপী আয়োজনে বক্তরা বলেন, প্রতিদিন হাজারো সাধারণ খেটে খাওয়া মানুষ,ক্ষুদ্র ব্যবসায়ী,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তিন দশক পূর্বে নির্মিত এই সেতু ব্যবহার করে। সেতুটি  নদীর উভয়তীরের বাসিন্দাদের জীবন জীবিকার সংযোগ। নির্মণের এতদিন পর আধা কিলোমিটার দীর্ঘ এই সেতু ব্যবহারে  সকল যানবাহনে  যাওয়া ও আসা উভয় ক্ষেত্রে উচ্চহারে  টোল আদায় অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধি। অনেককে প্রতিদিন বারবার এই সেতু ব্যবহার করতে হয়। এটি দরিদ্র ও সাধারণ জনগোষ্ঠীর উপর অন্যয় বোঝা।  এ অবস্থায় অবিলম্বে টোল আদায় বন্ধ করার দাবি জানান বক্তারা।  অন্যথায় বৃহত্তর কর্মসূচীর হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনের দাবির ব্যাপারে সেতু নিয়ন্ত্রণকারী চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী রায়হান ইমতিয়াজ বলেন, প্রায় ৬ মাস পূর্বে জেলা প্রশাসকের সমন্বয়ে সেতু ব্যবহারকারী বিভিন্ন পক্ষের  সাথে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী সেতুতে চলাচলকারী থ্রি হুইলার (তিনচাকার যানবাহন) ও মোটরসাইকেল টোলমুক্ত করার সুপারিশনহ প্রস্তাব  মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনও এ ব্যাপারে কোন সিদ্ধান্ত আসে নি। দেশের আর্থিক অবস্থা বিবেচনায় সরকার এ ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে তা কার্যকর করা হবে। স্থানীয়ভাবে এ ব্যাপারে কিছু করার সূযোগ নেই বলেও জানান এই কর্মকর্তা।

 


এ জাতীয় আরো খবর