শনিবার, মে ২, ২০২৬

প্রথম ভোটেই ঝড়,তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণে থালাপতি বিজয়

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৪-৩০ ২০:১২:২০
ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হতেই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় বুথফেরত জরিপ। আর সেই জরিপেই সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই সম্ভাব্য বড় সাফল্যের আভাস দিচ্ছেন তিনি।
নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে অংশ নেওয়া বিজয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তবে নির্বাচনের আগেই বিজয়ের জনসভায় বিপুল জনসমাগম রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল পেতে পারে প্রায় ৯৮ থেকে ১২০টি আসন। এই পূর্বাভাস সত্যি হলে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে সব জরিপ একমুখী নয়। কিছু জরিপে দেখা গেছে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টি আসন। আবার কিছু জরিপে বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে।
এদিকে কয়েকটি বিশ্লেষণ সংস্থা বিজয়কে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। তাদের মতে, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি, যা রাজ্যের জনগণের রাজনৈতিক আগ্রহের প্রতিফলন। এখন সবার নজর চূড়ান্ত ফলাফলের দিকে-বুথফেরত জরিপের এই চমক বাস্তবে কতটা প্রতিফলিত হয়, সেটিই দেখার বিষয়।

কী-ওয়ার্ডস: বিজয় ঝড়,তামিলনাড়ু নির্বাচন,বুথফেরত জরিপ


এ জাতীয় আরো খবর