ভুলে গেলে ভুলে যেতে পারো আমায় ---
ব্যাকুলতায় কখনো জানাবো না কোনো অনুযোগ
তোমাকে মনে করে জেগে থাকবো না সারারাত
আলো নিভে গেলে যেমন শহর ঘুমিয়ে পড়ে
তেমন করেই আমি নিভে যাবো নীরবে,
কোনো কোলাহল, কোনো অভিযোগ থাকবে না আর।
তোমার স্মৃতিগুলো পড়ে রবে পুরোনো খাতার পাতায়,
যেখানে তুমি ছিলে একটা অসমাপ্ত কবিতা
যার শেষ পংক্তিটা কখনো হবে না লেখা।
আমার চোখে আর কোনো অপেক্ষা থাকবে না,
ছাদে উঠবো না সন্ধ্যাবেলায়।
চিঠিগুলো পুড়িয়ে দেবো, যেন অতীতও জ্বলে ওঠে একবার
-আর কিছুই অবশিষ্ট রাখবো না এই জীবন কাব্যে।
যদি তুমি অন্য আকাশে পাখি হয়ে উড়ো,
আমি মাটির নিচে শেকড় হয়ে রয়ে যাবো,
তোমার নাম উচ্চারিত হবে না এই হৃদয়ে।
শুধু মাঝে মাঝে ঝড়ের রাতে কাঁপতে কাঁপতে ভাববো,
এই কাঁপুনি কি তোমার নামের স্মৃতি ?
আজ তোমাকে মুক্তি দিয়েছি, মুক্তি নিয়েছি নিজেও
আমাকে ভুলে গেলে ভুলে যেও প্রিয়।