ফিলিস্তিনের গাজা উপত্যকায় আলোচিত এক সশস্ত্র গোষ্ঠীর নেতা ইয়াসের আবু শাবাব রোববার স্বীকার করেছেন যে, তাদের দল ‘পপুলার ফোর্সেস’ ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে।
এই স্বীকারোক্তি এমন এক সময় এলো, যখন গাজা জুড়ে হামাস ও ইসরায়েল উভয়ের মধ্যেই ক্রমবর্ধমান উত্তেজনা চলছে, এবং ফিলিস্তিনের অভ্যন্তরে বিভাজন নতুন মাত্রা পেয়েছে।
ইসরায়েলের সরকারি আরবি রেডিও মাকান-এ দেওয়া সাক্ষাৎকারে আবু শাবাব বলেন, “আমরা ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অবাধে চলাচল করি এবং অভিযান চালানোর আগে তাদের জানিয়ে দিই।”
তবে সামরিক অভিযানগুলো তারা নিজেরাই চালায় বলে জানান তিনি।
তিনি আরও যোগ করেন, “আমরা কিছু বাহ্যিক পক্ষ থেকে সরঞ্জাম ও অর্থ সহায়তা পেয়েছি, কিন্তু কিছু বিষয় প্রকাশ্যে বলা যায় না।”
এর আগে গত মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছিল যে, তারা হামাসবিরোধী কিছু ফিলিস্তিনি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তখন গোষ্ঠীগুলোর নাম উল্লেখ না করলেও স্থানীয় সংবাদমাধ্যমে আবু শাবাবের ‘পপুলার ফোর্সেস’-এর দিকেই ইঙ্গিত করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টিকে “সেনাদের জীবন রক্ষাকারী কৌশল” হিসেবে প্রশংসা করেন। তবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সংসদ সদস্য আভিগদর লিবারম্যান এই উদ্যোগকে ‘অপরাধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া’ বলে সমালোচনা করেন।
আবু শাবাব ও তার মিলিশিয়া বাহিনীকে ঘিরে একাধিক বিতর্ক রয়েছে। ইউরোপভিত্তিক থিংকট্যাংক ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেইন রিলেশনস (ECFR) তাকে গাজার রাফা অঞ্চলের একটি অপরাধী গোষ্ঠীর নেতা হিসেবে চিহ্নিত করেছে। তাকে ত্রাণবাহী ট্রাক লুটপাটে যুক্ত থাকার অভিযোগও রয়েছে।
তবে রেডিও সাক্ষাৎকারে আবু শাবাব এসব অভিযোগ এড়িয়ে যান এবং বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য হামাসকে পরাজিত করা ও গাজার জন্য নতুন বিকল্প শাসনব্যবস্থা গড়ে তোলা। আমরা কোনো রাজনৈতিক মতাদর্শের অনুসারী নই।”
হামাস কর্তৃপক্ষ ইতিমধ্যেই আবু শাবাবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সহযোগিতা সংক্রান্ত অভিযোগে সামরিক আদালতে মামলা করেছে। গত বুধবার আদালত তাকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
রোববার ফিলিস্তিনের বিভিন্ন গোত্রের একটি জোট আবু শাবাবের সংগঠন ‘পপুলার ফোর্সেস’-কে "শত্রুদের সহযোগী" বলে অভিহিত করে বিবৃতি দিয়েছে।
জোটটি জানায়, “তারা আমাদের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দখলদার ইসরায়েলের সহায়তায় যারা কাজ করে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকের মতোই আচরণ করা হবে। জনসাধারণ তাদের প্রত্যাখ্যান করেছে।”
আবু শাবাবের এই স্বীকারোক্তি এবং তাকে ঘিরে ওঠা বিতর্ক গাজায় অভ্যন্তরীণ রাজনৈতিক ও সশস্ত্র বিভক্তিকে আরও স্পষ্ট করে তুলেছে।
হামাসবিরোধী গোষ্ঠীগুলোর একটি অংশ সরাসরি ইসরায়েলের সঙ্গে সমন্বয়ে কাজ করছে-এটি একটি নতুন বাস্তবতা তৈরি করছে যা ভবিষ্যতে গাজার রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে।
কিওয়ার্ডস:
ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ ২০২৫, গাজা হামাস বিরোধী গোষ্ঠী, ইয়াসের আবু শাবাব, পপুলার ফোর্সেস গাজা, গাজায় ত্রাণ লুটপাট, গাজায় রাষ্ট্রদ্রোহ মামলা, হামাসের বিকল্প শাসন, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সহযোগিতা, গাজা অভ্যন্তরীণ সংঘাত