বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ওয়াশিংটনের নজরে বাংলাদেশ: গণতন্ত্র নয়, বাণিজ্য ও ভূরাজনীতি-বিশ্লেষক কুগেলম্যানের পর্যবেক্ষণ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-০৬ ২১:১১:০৬
ছবি সংগৃহিত

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে একটি শক্তিশালী রাষ্ট্রগঠনে সহায়তা-এইসব বিষয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রহ “অত্যন্ত সীমিত” বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তাঁর মতে, বর্তমান হোয়াইট হাউজ বাংলাদেশকে এখন বাণিজ্যিক সম্ভাবনা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক প্রতিযোগিতা-এই দুটি দৃষ্টিকোণ থেকেই দেখে।
একাধিক মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া মন্তব্যে কুগেলম্যান বলেন, “বাইডেন প্রশাসনের শেষ দিকে গণতান্ত্রিক সংলাপ, উন্নয়ন সহযোগিতা ও নির্বাচন পর্যবেক্ষণের যেসব তৎপরতা ছিল, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে তার কোনওই অগ্রাধিকার নেই।”
তিনি আরও জানান, গত আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক সংস্কারের একটি প্রচেষ্টা শুরু হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের কাছে এটি এখন মূল এজেন্ডা নয়। বরং যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে দেখছে চীনের প্রভাব মোকাবিলায় একটি কৌশলগত অবস্থান হিসেবে।
কুগেলম্যানের ভাষায়, “ওয়াশিংটনের কাছে বাংলাদেশ এখন শুধুই একটি গেমপ্ল্যান-যেখানে মার্কিন স্বার্থ আগে, গণতন্ত্র পরে।”
সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপে আলোচিত হয়েছে বাণিজ্যিক অংশীদারত্ব, অর্থনৈতিক নিরাপত্তা, এবং ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি। কুগেলম্যান বলেন, “এই ফোনালাপই বলে দেয়-গণতন্ত্র নিয়ে ওয়াশিংটনের আগ্রহ এখন হিমায়িত, মার্কিন এজেন্ডা ঘুরছে অর্থনীতি ও সামরিক কৌশল ঘিরেই।”
বিশ্লেষকের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি না হলে বাংলাদেশকে আমেরিকান বাজারে ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হতে পারে। একইসঙ্গে দেশের দীর্ঘদিনের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতিও চাপের মুখে পড়বে।
কুগেলম্যান আরও বলেন, “বাংলাদেশ এখন একটি স্পর্শকাতর কূটনৈতিক মোড়ে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে গিয়ে যদি চীনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, তবে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বিঘ্নিত হতে পারে।”
তিনি সতর্ক করে বলেন, “ঢাকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে-যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখা, আবার চীনের বিনিয়োগ ও সহযোগিতা ধরে রাখা।” মার্কো রুবিওর সঙ্গে ড. ইউনূসের ফোনালাপকে তিনি ভবিষ্যতের “ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের মানদণ্ড” বলেও অভিহিত করেন।

 কিওয়ার্ডস

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, ট্রাম্প প্রশাসন বাংলাদেশ, মাইকেল কুগেলম্যান বিশ্লেষণ, গণতন্ত্র বনাম বাণিজ্য, ড. ইউনূস মার্কো রুবিও ফোনালাপ, বাংলাদেশ কূটনৈতিক চ্যালেঞ্জ, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা, বাংলাদেশ ট্রেড চুক্তি

 


এ জাতীয় আরো খবর