সোমবার, আগস্ট ১৭, ২০২৬

আশুরার রাত

  • সংকোচ
  • ২০২৫-০৭-০৬ ১৬:৪৮:২৩

নীরব রাত…
চাঁদের আলো ঝরে কারবালার ধূলায়...
ভাঙা তাঁবুর ছায়া জেগে থাকে-
কে যেন হেসে কাঁদে… আগুনে গলে যায়।
তপ্ত বালুর বুকে... নিঃশ্বাসের মতো জ্যোতি...
কে সে, যিনি প্রাণে ধরে রেখেছেন
সত্যের পতাকা?
--- হুসাইন!
রাসূলের নাতি, তবু তৃষ্ণার ফাঁসিতে বাঁধা।

চারিদিকে মৃত্যু, রক্ত, ছিন্ন দেহ।
তবু চোখে তাঁর নত হয়নি আকাশের মতো নতনয়ন।
পাশে পড়ে আছে
ছয় মাসের শিশু-
আলী আসগর!
তীর গেঁথে আছে তার কণ্ঠ-ধ্বনি ভুলে যাওয়া গলায়।
নদী… পাশে ছিল,
তবু তাঁবুতে আগুন জ্বলে।
আবারও একবার সময় থমকে যায়-
বোন জয়নাব-
ভাইয়ের রক্ত মুছে বলে,
“আমি সাক্ষী থাকব, ও ভাই,
সত্যের কোনো মৃত্যু নেই…!”

আশুরার রাত তাই-
শুধু রাত নয়।
এ এক চিরন্তন অনল।
যেখানে শোকই বিজয়,
আত্মত্যাগই আলোকময়তা।
কে বলে হুসাইন হেরে গেছেন?
পতন যার ছিল মৃত্যুর মঞ্চে-
জয় তাঁর…
কারণ তিনি বিক্রি করেননি মাথা-
আর আল্লাহর নাম ভুলে যাননি।

আশুরা…
আজো বয়ে চলে মানুষের মগজে…
তরুণের গলায়, নারীর কান্নায়,
সত্যপিপাসু এক বুক আর্তনাদে।
আসুন আমরা কাঁদি-
শুধু চোখে নয়,
কাঁদি মন দিয়ে…
আশুরার রাতের তরে-
যেখানে এক হুসাইন...
সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন:
"না! আমি মাথা নত করবো না!"


এ জাতীয় আরো খবর