বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • আমি গড়েছি কবিতার প্রাসাদ
  • ২০২৫-০৭-০১ ১৬:৩৬:১৮

বাড়ি করিনি আমি, জমি দেখিনি দালান গড়ার জন্য, টাকার হিসেব রাখিনি কোনোদিন।
গাড়ির চাকায় ঘোরেনি আমার স্বপ্ন, বরং শব্দের ঘ্রাণে জেগে উঠেছে ভোর।
লোকজন যখন বাড়ি গড়ে, আমি গড়ি একটি উপমা---
চন্দ্রবিন্দুর মতো ছোট্ট, অথচ বিশাল এক অনুভূতির ভার।
আমি জানি, ঝড়ে ভাঙে কাঁচ,
কিন্তু আমার কবিতার প্রাসাদ ভাঙে না
সেখানে ব্যথা থাকে, প্রেম থাকে, প্রিয়জনের অনুপস্থিতি গেঁথে রাখে মনের দেয়ালে।
তুমি দেখবে না সে প্রাসাদ, ছুঁতেও পারবে না
কিন্তু কোনো এক শোকের দিনে, যখন একা থাকবে,
হয়তো আমার কবিতার এক পঙ্‌ক্তি এসে বসবে তোমার পাশে নিঃশব্দে।
জানি সম্পত্তির ভারে মানুষ ক্লান্ত হয়ে পড়ে
কিন্তু কবিতার আকাশে আমি মুক্ত পাখি।
আমার ব্যাংক ব্যালেন্স নেই, বীমাও নেই,
তবু আমার শব্দে পুষ্ট হয় একেকটি হৃদয়।
এই জীবন সাজিয়েছি ছন্দে, উপমায়, অক্ষরের অলংকারে
জীবন যদি ঘর হয়, কবিতা তার দরজা।
সেখানে আমি একজন শব্দশ্রমিক, ইটের বদলে গেঁথে রেখেছি একান্ত অনুভব।


এ জাতীয় আরো খবর