বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ঝ র্ণা র হ মা ন

  • হলুদ বৃষ্টিতে ভূমি ও ভূমা
  • ২০২৫-০৬-২৯ ০০:১৮:০৬

মা বলতেন, মিথ্যা থেকে কখনো সত্যের জন্ম হয় না, 
সত্যই সত্যের জননী। মা শস্যবীজ বুনে দিতেন।
বাবা শেখাতেন কৃষিকাজ।
এভাবে প্রগাঢ় সবুজ সত্যে ঢেকে গেল আমাদের ছোট্ট জিরাত।
মাঝে মাঝে দেখতাম সবুজ ঢেউয়ের মধ্যে
একজন দিব্য পুরুষের হাত আকাশে নিশানা করছে।
তাঁর পেছনে সার বেঁধে দাঁড়ালেন আমাদের প্রাকৃত নারী ও পুরুষ।
তাদের হাতে শিশু সারিন্দা লাঙল কোদাল পুস্তক কিংবা কলম।
দীর্ঘ  হাত দিগন্তে নিশানা ভ্রমণ শেষে মৃত্তিকা নির্দেশ করলো।
চষা জমির ভেতর থেকে বেরিয়ে এলো রক্ত মাংস হাড়
খুলি ও কঙ্কাল। বাতাসে ভাসতে থাকলো রক্তাক্ত শাড়ি
জামা গামছা ধুতি লুঙ্গি ফতুয়া
উড়ে গেল পোড়া গ্রাম জনপদ ইশকুল খাঁচায় ঝোলানো ময়না উঠোনে 
বালিকার টোফাটুফি ছাই।
দগ্ধ কৃষিভূমি একদিন থোকা থোকা লাল শস্য ফলিয়ে তুললো। 
ঘন হয়ে উঠলো সমস্ত রঙ।
মা বললেন, এই রঙ আমাদের ভূমি ও ভূমা।
সবুজের গর্ভজাত এই লাল আমাদের মহাসত্য।

মা, তোমার সত্য মারা গেছে! 
এখন মিথ্যার ভেতর থেকে জন্ম নিচ্ছে প্রকাণ্ড প্রচণ্ড ক্লেদাক্ত সত্য।
এখন ভূমি ও ভূমা ছেয়ে গেছে গন্ধকী প্রস্রাবের হলুদ বৃষ্টিতে। 
হলুদ সেচ পেয়ে প্রবলভাবে বেঁচে উঠছে মিথ্যাসত্য। 
তুমি মরে গিয়ে বেঁচে গেছ মা,
আমি বেঁচে থেকে মরে যাচ্ছি।


এ জাতীয় আরো খবর