বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

প্র দী প গু প্ত

  • অনুভব
  • ২০২৫-০৬-২৮ ০০:৩৪:১৯

ছুঁলেও --
আস্তে করে ছুঁয়ো --
জানোনা বৃষ্টি এসেছে!!

এখন আমি নুয়ে পড়ে ঘ্রাণ নেবো।
সোঁদা মাটির ঘ্রাণ।
আমার পিতা, পিতামহ, প্রপিতামহ সবাই
এ সময় মাটির বুক থেকে উঠে আসেন
শরীরে সোঁদা গন্ধ নিয়ে।
আমি বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
আমার বৃন্ত খসাবো।
আমার শরীরে ফুটে থাকা সমস্ত ফুলেদের
বোঁটা থেকে মুক্তি দেবো এই বৃষ্টিবেলায়।
ওদেরকে ছোঁব।
ওদের আশিস নেবো।

এসময় তুমি না হয় ছুঁয়ো না আমাকে --
এ বৃষ্টিবেলায়।
আমাকে
আমার কবিতাকে
একটু একা --
একটু আত্মমগ্ন হতে দাও।

ছুঁলেও -
আস্তে করে ছুঁয়ো --
জানোনা বৃষ্টি এসেছে --


এ জাতীয় আরো খবর