বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টাইমলাইনজুড়ে হলুদ আলোয় ঝলমল- ভাইরাল ‘টারমারিক গ্লো’ এখন ঘরে ঘরে বিজ্ঞানময় জাদু!

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৬-২৭ ২২:২৭:০৪
ছবি সংগৃহিত

ফেসবুক থেকে টিকটক, ইনস্টাগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ- এখন যেন একটাই আলোচনার বিষয়: টারমারিক গ্লো। ঝলমলে এক সোনালি আলোর খেলা, যার রহস্য লুকিয়ে আছে প্রতিদিনের রান্নাঘরের পরিচিত উপাদান হলুদের গুঁড়ায়। অদ্ভুত এক মুগ্ধতা ছড়ানো এই আলোর খেলা এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে কোটি মানুষের হাতে, ঘরে, স্ক্রিনে।
ঘরোয়া উপায়ে তৈরি এই আলো একদিকে যেমন চোখ ধাঁধানো, তেমনি এতে মিশে আছে বিজ্ঞানের সরল অথচ বিস্ময়কর ব্যাখ্যা। এই ট্রেন্ডে অংশ নিতে খরচ নেই বললেই চলে। বরং, কিছু সাধারণ জিনিস দিয়ে অনায়াসে তৈরি হচ্ছে এমন এক জাদুকরী পরিবেশ, যা দেখে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই অভিভূত।
সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখানো হচ্ছে, সেই মোতাবেক ‘টারমারিক গ্লো’ বানাতে দরকার হয়:
একটি মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট
এক গ্লাস স্বচ্ছ পরিষ্কার পানি
অল্প পরিমাণ হলুদ গুঁড়া বা ভিটামিন বি-টু (রিবোফ্লাভিন)

প্রক্রিয়াটি খুব সহজ:
১. মোবাইলের ফ্ল্যাশ অন করে তা মেঝেতে রাখুন
২. তার ওপরে একটি স্বচ্ছ কাঁচের পানির গ্লাস রাখুন
৩. ঘরের সব আলো নিভিয়ে দিন
৪. এরপর পানিতে হলুদ গুঁড়া বা রিবোফ্লাভিন মেশান

ফলাফল?- গ্লাসজুড়ে বিস্ময়কর এক সোনালি ঝলকানি! ঠিক যেন কোনো জাদুর দৃশ্য, অথচ সম্পূর্ণ বৈজ্ঞানিক।

বিশেষজ্ঞরা বলছেন, হলুদের গুঁড়ায় থাকা কারকিউমিন এবং রিবোফ্লাভিনে থাকা প্রাকৃতিক ফ্লুরোসেন্ট উপাদান ফ্ল্যাশলাইট বা ইউভি আলোতে প্রতিফলিত হয়ে এমন ‘জাদুময়’ আলোর সৃষ্টি করে। এটি আদতে আলো ও দ্রবণের মিথস্ক্রিয়ার একটি বিজ্ঞানভিত্তিক প্রতিফলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন অধ্যাপক জানান, “এটা নিছক খেলা নয়, বরং রঙ ও আলো নিয়ে বিজ্ঞানের দারুণ একটি পরিচয়। শিশুদের আগ্রহ তৈরি করার জন্য এটি অসাধারণ একটি হাতেকলমে প্রয়োগ।”
এখন প্রতিদিনই তৈরি হচ্ছে হাজার হাজার রিলস ও শর্ট ভিডিও। কেউ বানাচ্ছেন বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে, কেউ শুধু মজার ক্যাপশন আর ট্রেন্ডি মিউজিক জুড়ে দিয়ে-তবে সবার উদ্দেশ্য একটাই: আলোয় ভরা মুগ্ধতা।
কেউ লিখছেন, “এই আলোয় অন্ধকার ঘরটাও মনে হয় স্বপ্নের রাজ্য।” আবার কেউ ভিডিওতে বলছেন, “ইন্টারনেটের সেরা ট্রেন্ড- এক গ্লাস হলুদে লুকিয়ে পৃথিবীর সৌন্দর্য!”
টারমারিক গ্লো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, দোকানিরা বলছেন, “হলুদের গুঁড়ার বিক্রি হঠাৎ বেড়ে গেছে। আগে যেখানে শুধু রান্নার জন্য নিত, এখন কিশোর-তরুণরাও এসে বলছে- ‘গ্লো বানাবো, একটু ভালো মানের হলুদ দিন।’”

কেউ কেউ রসিকতা করে বলছেন, “হলুদ এখন শুধু মাংসে নয়, গ্লাসেও রাজত্ব করছে!”

অনেকে আরও উজ্জ্বল প্রভাব পেতে রিবোফ্লাভিন ট্যাবলেট (যেমন: বেকোসুলস) গুঁড়া করে পানিতে মেশাচ্ছেন। এরপর ইউভি লাইট ব্যবহার করে আরও উজ্জ্বল সবুজ-হলুদ আভা তৈরি করছেন। এতে পানির গ্লো আরও তীব্র ও চিত্তাকর্ষক হয়ে উঠছে।
অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এই গ্লো ট্রেন্ডকে বিজ্ঞান শিক্ষার টুল হিসেবেও ব্যবহার করছে। একাধিক শিক্ষক তাদের শিক্ষার্থীদের সঙ্গে এ নিয়ে ‘সায়েন্স ক্লাস প্রজেক্ট’ করছেন, যাতে হাতেকলমে শিখে নেওয়া যায় আলো, দ্রবণ ও প্রতিফলনের বৈজ্ঞানিক ধারণা।
এই সময়ে যখন অনেক ট্রেন্ডই নিছক নকল কিংবা কনটেন্টের জন্য কনটেন্ট, সেখানে ‘টারমারিক গ্লো’ এক অনন্য ব্যতিক্রম। এটি বিজ্ঞান, কল্পনা ও বিনোদনের চমৎকার মিশ্রণ- যেখানে প্রতিটি ঝলকানির পেছনে আছে শেখার ও মুগ্ধ হবার এক নতুন সম্ভাবনা।

আপনার গ্লো তৈরি হয়ে গেছে? তাহলে ক্যামেরা অন করে নিন-কারণ এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে উজ্জ্বল জাদু হচ্ছে এক গ্লাস পানির মধ্যেই!


এ জাতীয় আরো খবর