বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

লিগ কাপে টানা ছয় ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৬ ০৮:৫২:৩৬

লিগ কাপে টানা ছয় ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর তাতেই ফিলাডেলফিয়াকে হারিয়ে প্রথমবারের মতো লিগ কাপের ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি।
বুধবার (১৬ই আগস্ট) ভোরে পেনসিলভানিয়ার সুবারু পার্ক স্টেডিয়ামে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।
লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগদানের আগে টানা ১১ ম্যাচে কোনো জয় পায়নি মিয়ামি। তবে আর্জেন্টাইন তারকার যোগদানের পর যেন সব পাল্টে গেছে। টানা ছয় ম্যাচে জয় পেয়েছে মিয়ামি। মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে ৬ ম্যাচে ২১ গোল করল মিয়ামি। এই ছয় ম্যাচে মেসি করেছেন আট গোল। ৩ গোলে রেখেছেন অবদান।
শুধু জয় নয়, এদিন দাপটীয় ফুটবল উপহার দিয়েছে মিয়ামি। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় দলটি। তৃতীয় মিনিটে ভেনেজুয়েলান ফরোয়ার্ড মার্তিনেজ এগিয়ে দেন মেসিদের। লিগস কাপে এ নিয়ে পাঁচ ম্যাচে প্রথম ১৫ মিনিটের মধ্যেই গোল করল মিয়ামি।
এর ১৭ মিনিট পর আবারও এগিয়ে যায় দলটি। এবার গোল করেন দলের সেরা তারকা মেসি। ডি বক্সের ৩০ গজ দূর থেকে তার দেওয়া এই গোল অনেকদিন চোখে লেগে থাকবে দর্শকদের। প্রথমার্ধের যোগ করা সময়ে আসে তৃতীয় গোল। সাবেক বার্সা তারকা আলবা গোল করে জয় প্রায় নিশ্চিত করে দেন মিয়ামির। 
খেলার ৭৩তম মিনিটে একটি গোল শোধ করেন ফিলাডেলফিয়ার বেদোয়া। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে। ম্যাচ প্রায় মিয়ামির নিয়ন্ত্রণে। এরপর ৮৪ মিনিটে ডেভিড রুইজ গোল করলে ৪-১ ব্যবধানের জয়ে লিগ কাপের ফাইনালে উঠে মিয়ামি।


এ জাতীয় আরো খবর