তোমার কাছে বৃষ্টি মানে
মেঘ থেকে যা ঝরে,
টাপুর টুপুর পড়ে,
ঝুম ঝুমাঝুম সুরে,
দিগন্তময় জুড়ে,
টিনের চালে, আহা!
আরও যাহা যাহা…
আমার কাছে বৃষ্টি মানে
জল কীভাবে মেঘ হয়?
কোন বাতাসে বেগ হয়?
কখন কোথায় পড়ে?
তা নিয়ে কে লড়ে?
কে কাঁদে রোজ ভিজে!
বৃষ্টি আরও কী যে…
তোমার কাছে বৃষ্টি মানে
টাটকা কদম কেয়া
দৃষ্টি দেয়া নেয়া
মনের মানুষ সাথে
দমকা প্রবল তাতে
দু’জন ভিজতে পারা
ধন্য বৃষ্টিধারা।
আমার কাছে বৃষ্টি মানে
নিঠুর প্রতিবেশি,
বাঁধ-খোলা উল্লাসী,
বানভাসী দুর্ভোগে,
তৃষ্ণা ক্ষুধায় রোগে,
মানুষ দুর্বিপাকে!
অশ্রু দেখাই কাকে!
বৃষ্টি যখন হয়ে আসে
রহমতের পানি,
না করে মাস্তানি,
না দেয় ভীতি কারো,
বজ্র শিলা আরও
যে যার মত থাকে,
বর্ষা বলি তাকে।