বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

স ঙ্গী তা ক র

  • হৃদয়হীন
  • ২০২৫-০৬-২৫ ১২:১৪:২৫

তুমি বলেছিলে ভাঙনে কবিতার সৃষ্টি হয়
তাই বর্ষা তোমার প্রিয় ঋতু 
বর্ষাকাল এলেই মেঘ ভেঙে বৃষ্টি দেখতে ইচ্ছে হয়
ভেঙে যাওয়া মেঘের থেকে ঝিরিঝিরি বৃষ্টি ভরিয়ে দেয় কবির কলম
এ সময় তুমি গান লেখো, কবিতা লেখো!

ভাঙনের শব্দ পেলেই ছুটে যাও নদীর তীরে 
পাড় ভেঙে যখন জলে পড়ে 
তোমার হৃদয় কেঁদে ওঠে তীরে বসে থাকা পশুপাখিদের জন্য
তুমি তখনও লেখো 
লিখে চলো আপন মনে।

তুমি বলতে গোধূলি তোমার খুব ভালো লাগে 
এ সময় দিন ভেঙে সন্ধ্যা নেমে আসে 
গোধূলির আলোতে মুগ্ধ হয়ে কত শব্দ বেরোয় 
তুমি তাদের অনুরণন লেখো
সন্ধ্যার আকাশে ডানা ঝাপটে পাখিদের বাসায় ফেরার সাথে সাথে 
নেচে ওঠে তোমার কবি মন।

তুমি রাত ভেঙে সকাল দেখতে ভালোবাসো 
সারারাত জেগে নিশাচরদের আনাগোনা তোমার বুকে রোমাঞ্চ জাগায়
গভীর রাতের নিঃশব্দতায় তুমি শুনতে পাও ভালোবাসার শব্দ 
তখন তুমি কল্পনায় প্রিয়ার বাসরে রাত ভেঙে ভোর করো 
তোমার কলমে ফোটে সূর্যের প্রথম আলোর দ্যুতি। 

তুমি এত এত কবিতা রচনা করলে 
অথচ যেই জানতে চাইলাম এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? 
কেবল হাঁ করে মুখের দিকে তাকিয়ে রইলে
আমি বুঝলাম, সে কবিতা এখনো সৃষ্টি হয়নি 
তোমার দৃষ্টি হৃদয় দেখতে পায় না 
যদি দেখতে পেতে, যদি শুনতে পেতে আমার হৃদয় ভাঙার শব্দ 
তবে সেটাই হতো শ্রেষ্ঠ কবিতা।


এ জাতীয় আরো খবর