শুক্রবার, মে ১, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • ক্ষমা করো প্রিয়তমা
  • ২০২৫-০৬-২৪ ০০:৩০:০৪

ক্ষমা করো প্রিয়তমা,
প্রেমের কবিতা লেখার কলমটা হারিয়ে ফেলেছি।
হয়তো কোনো বিকেলের নরম আলোয়,
তোমার চোখে তাকিয়ে থাকতে থাকতে
ফেলে এসেছি সেই কলম,
নির্বাক দৃষ্টির কোথাও।
এখন শব্দগুলো কেবল প্রতিবাদের,
রাগের, অভিমান আর বাস্তবতার।
এখন কলম শুধু হিসেব রাখে
দিন শেষে কতটুকু ক্লান্তি জমেছে শরীরে,
আর কতটুকু নিঃসঙ্গতা হেঁটে যায় ঘরের কোণ ঘেঁষে।
তোমার জন্য কিছু শব্দ তুলে রেখেছিলাম
জলের পাশে চাঁদের আলোয়,
কিন্তু ভালোবাসায় সিক্ত শব্দেরা শুকিয়ে গেছে অনাদরে।
আসলে ভালোবাসা আবেগের জলে সিক্ত হতে চায় প্রতিদিন।
তুমিই বলো ফুটবে কি আর মোহময়ী কবিতার ফুল ?
কবে আবার কলমের ডগা ভিজবে তোমার নামের সুবর্ণ অক্ষরে ?
আমি শুধু কাঁপা কণ্ঠে বলি,ক্ষমা করো প্রিয়তমা
এই হৃদয়ের কবিতাঘরে এখনো তালা ঝুলে আছে।
কলমটা খুঁজে পেলে আমি আবার তোমায় নিয়ে লিখব কবিতা
অথবা ফুটবো তোমার খোঁপায় একটা সম্পূর্ণ কবিতা হয়ে।

 


এ জাতীয় আরো খবর