বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সাধারণ মানুষের ওপর ইসরাইলের বোমাবর্ষণ: নিহত আরও দুই ইরানি ক্রীড়াবিদ

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-০৬-২২ ১৬:২৬:০৮
ছবি সংগৃহিত

ইরানের পরমাণু স্থাপনা বা সামরিক ঘাঁটিকে টার্গেট করার দাবি করলেও বাস্তবে দেশটির নিরীহ নাগরিকদের ওপরই ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের দুই উদীয়মান ক্রীড়াবিদ-কারাতে খেলোয়াড় হেলেনা গোলামি ও জাতীয় পর্যায়ের বক্সার রুহুল্লাহ সালেক।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের বাসিন্দা হেলেনা গোলামি ছিলেন একজন প্রতিভাবান পেশাদার কারাতে অ্যাথলেট। ঘরবন্দি অবস্থায় তার ওপর চালানো ড্রোন হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কারাতে ফেডারেশন এ তরুণীকে ‘শহীদ’ হিসেবে ঘোষণা করে গভীর শ্রদ্ধা জানিয়েছে।
অন্যদিকে, আলবোরজ প্রদেশের জাতীয় পর্যায়ের বক্সার রুহুল্লাহ সালেকও এক ইসরাইলি হামলায় নিহত হন। তিনি দেশের বক্সিং অঙ্গনে একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতেও ইরান বক্সিং ফেডারেশন শোক প্রকাশ করেছে এবং ইসরাইলের এই ‘ঘৃণ্য ও কাপুরুষোচিত’ হামলার নিন্দা জানিয়েছে।
এই দুই ক্রীড়াবিদের মৃত্যুর মধ্য দিয়ে ইসরাইলি হামলায় নিহত ইরানি ক্রীড়াবিদের সংখ্যা বেড়ে দাঁড়াল অন্তত ২৬ জনে। এর আগে নিহত হয়েছিলেন বক্সার সেয়েদ আলী বাঘেরনিয়া (লোরেস্তান) ও রেজা বাহরামি (কেরমানশাহ)। নিহতদের অধিকাংশই যুবক এবং জাতীয় কিংবা আঞ্চলিক পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ক্রীড়াবিদ ছিলেন, যারা দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন দেখতেন।
সরকারি মুখপাত্র জানিয়েছেন, ১৩ জুন শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযান এখন পর্যন্ত কমপক্ষে ৪৩০ জন ইরানির প্রাণ কেড়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার ৫০০। তাদের অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।
ইরানের তথ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, “ইসরাইল শুধু আইন লঙ্ঘন করছে না, তারা মানবতার সীমাও অতিক্রম করছে। যে ক্রীড়াবিদরা অস্ত্র ধরেনি, যারা বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করার চেষ্টা করছিল—তাদের ওপর আক্রমণ নিকৃষ্টতম সন্ত্রাসবাদ।”
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ খুবই দুর্বল। জাতিসংঘ কিংবা অন্যান্য মানবাধিকার সংগঠন এখনো পর্যন্ত ক্রীড়াবিদদের লক্ষ্য করে হামলার বিষয়ে তেমন শক্ত অবস্থান নেয়নি, যা ইসরাইলকে আরও বেপরোয়া করে তুলছে।
ইসরাইল দাবি করে আসছে, তারা ইরানের পরমাণু কর্মসূচি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বাস্তব চিত্র ভিন্ন-যেখানে শিশু, নারী, ক্রীড়াবিদসহ অসংখ্য সাধারণ নাগরিক ইসরাইলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছেন।
নিহত ক্রীড়াবিদদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইরানি জনগণ ক্ষোভ প্রকাশ করে বলছেন, “যুদ্ধের নামে চলছে প্রতিযোগিতা থামিয়ে দেওয়ার নিষ্ঠুর খেলা।”

 


এ জাতীয় আরো খবর