বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

মুশফিকের নিঃশব্দ জবাব,শান্তর দৃপ্ত নেতৃত্বে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৬-১৮ ০২:২১:৫৩
ছবি সংগৃহিত

গলে আবারও ফিরলেন সেই পুরনো মুশফিকুর রহিম-শান্ত, সংযত, কিন্তু ধারালো। শতক পূর্ণ করে যখন হেলমেট খুলে ব্যাট তুললেন, তখন তার মুখে শুধু একটি বিনীত হাসি। উদযাপন যেন ছিল আত্মবিশ্বাসের ছাপ, সমালোচনার জবাব নয়।
অন্যদিকে, দলনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন উচ্ছ্বসিত। মাইলফলকে পৌঁছে আকাশছোঁয়া উদযাপন করেছেন তিনি। দুজনের শতকে ভর করেই দিন শেষে জয়ের খেলা সাজিয়েছে বাংলাদেশ।
মুশফিকের জন্য এ ইনিংস শুধু আরেকটি শতক নয়। এটি তার মানসিক দৃঢ়তার প্রমাণ। গত ১৩ ইনিংসে ফিফটির দেখা না পাওয়া, ৩৮ বছর বয়সে অবসর না নেওয়ার সমালোচনা-সবকিছুর বিপরীতে ব্যাটে কথা বললেন অভিজ্ঞ এই ব্যাটার।
টেস্ট ক্যারিয়ারের ১২তম শতকটি এল তার 'প্রিয় প্রতিপক্ষ' শ্রীলঙ্কার বিপক্ষে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এটি তার তৃতীয় ফিফটি-প্লাস ইনিংস। এখানেই বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ডও রয়েছে তার নামে।
এবার ৫টি চারে সাজানো ১০৫ রানের অপরাজিত ইনিংস নিয়ে দিন শেষ করেছেন তিনি। শেষবার তিনি সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে, ইনিংসটি ছিল ১৯১ রানের।
ক্যাপ্টেনস নক বললে কম বলা হয়। শান্ত ১৩৬ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন, যাতে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। টপ অর্ডারের পতনের পর দলে স্থিতি এনে দিয়েছেন তিনিই। তরুণ নেতৃত্বে বারবার পরিণত ব্যাটিংয়ের ছাপ রেখে যাচ্ছেন তিনি।
সেঞ্চুরি পাওয়ার পর শান্তর উদযাপন যেমন ছিল প্রাণবন্ত, মুশফিকেরটা ছিল নিঃশব্দ আত্মপ্রত্যয়-দুটোই যেন বাংলাদেশের ব্যাটিং চরিত্রের দুই রূপ।
একসময় ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে চতুর্থ উইকেটে শান্ত-মুশফিক গড়েছেন ২৪৭ রানের অবিচ্ছেদ্য জুটি। প্রথম সেশনে শ্রীলঙ্কার বলার যেমন ছিল আক্রমণাত্মক, বাকি দুই সেশনে ততটাই নিস্তেজ।
শেষ বিকেলের আলো গলে মিলিয়ে গেলেও মাঠে রয়ে গেল শান্ত-সাবলীল এক ক্রিকেট কাব্য।

প্রথম দিনের পরিসংখ্যান:
বাংলাদেশ: ৩ উইকেটে ২৯২ রান (১ম ইনিংস)
শান্ত: ১৩৬* (১৪ চার, ১ ছক্কা)
মুশফিক: ১০৫* (৫ চার)
চতুর্থ উইকেটে জুটি: ২৪৭ রান (অপরাজিত)

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল: থারিন্দু রত্নায়েকে (২ উইকেট)
প্রথম সেশনে মাত্র ৪৫ রানে টপ অর্ডার ধসে পড়ে। তামিম, জয় এবং মুমিনুলের ব্যর্থতা শঙ্কার মেঘ ডাকছিল গল স্টেডিয়ামে। ঠিক তখনই শান্ত ও মুশফিকের দৃঢ়তায় বুনে ওঠে প্রত্যাবর্তনের ভিত্তি।
শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়েকে শুরুতে কার্যকর হলেও পরে বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটারের কাছে হার মানেন বোলাররা।
টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের কাতারে মুশফিক বরাবরই ওপরের সারিতে। গলে আবারও প্রমাণ করলেন, তিনি এখনো বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ।
এই শতক, হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে "নীরব প্রতিবাদ"-যা কোনো বর্ণনার অপেক্ষা রাখে না।

মুশফিকের ব্যাট শুধু বল খেলেনি, প্রতিক্রিয়াও দিয়েছে। আর শান্ত, যিনি দলের হাল ধরেছেন নেতৃত্বে, সেই হাল আজ শক্ত করলেন ব্যাটেও। এই জুটির হাত ধরে গলে বাংলাদেশ প্রথম দিন শেষ করল উজ্জ্বল সম্ভাবনার গল্প নিয়ে।


এ জাতীয় আরো খবর