বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রকাশের আশা: আলী রীয়াজ

  • নিজস্ব প্রতিবেদক,
  • ২০২৫-০৬-১৭ ২১:০০:০৩
ছবি সংগৃহিত

ঢাকা:১৭ জুন।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপের পর কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানালেন, আলোচনায় গতি এসেছে এবং আগামী জুলাই মাসের মধ্যেই একটি পূর্ণাঙ্গ জাতীয় সনদ প্রকাশের লক্ষ্যে কাজ এগোচ্ছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। দিনব্যাপী আয়োজিত এই সংলাপে কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনার বিষয়ে ড. আলী রীয়াজ বলেন, “দলত্যাগ সংক্রান্ত বিধানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে দলগুলো একমত হয়েছে। অর্থবিল ও আস্থা ভোটের ক্ষেত্রে দলীয় অবস্থান বজায় রাখা হবে বাধ্যতামূলক, তবে অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাবেন-এমনই একটি কাঠামোর ওপর ঐক্যমত গড়ে উঠছে।”
তিনি আরও জানান, পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC), প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি ও পাবলিক আন্ডারটেকিং কমিটিসহ গুরুত্বপূর্ণ চারটি সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দলের জন্য বরাদ্দ দেওয়ার বিষয়ে অংশগ্রহণকারী সব দল একমত হয়েছে।
নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়িয়ে ১০০ করার বিষয়ে আলোচনায় একধরনের সমঝোতা তৈরি হয়েছে বলেও জানান ড. রীয়াজ। তবে এই সংরক্ষণ পদ্ধতি হবে নির্বাচনপদ্ধতিভিত্তিক না মনোনয়নভিত্তিক-তা এখনও আলোচনার বিষয়।
প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধান সংশোধনের বিষয়ে কমিশনের সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা একমত হয়েছেন। সংবিধানের ৯৫(১) ও ৪৮(৩) অনুচ্ছেদে সংশোধন এনে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতি প্রবর্তনের জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আলী রীয়াজ।
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা আলোচনায় এসেছে এবং কিছু দল এর প্রয়োজনীয়তা স্বীকার করেছে। তবে নীতিগতভাবে কিছু দল এর বিরুদ্ধে মত জানিয়েছে, তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

জামায়াতে ইসলামির অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে কমিশনের সহ-সভাপতি বলেন, “আমরা প্রত্যেক দলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আশা করছি আগামী বৈঠকে তারা অংশগ্রহণ করবে।”
দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির ড. মুস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, বিএনসিপির ডা. তাসনিম জারা, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং বাংলাদেশ জাসদের প্রতিনিধি ডা. মুশতাক হোসেন।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি জাতীয় ঐকমত্যভিত্তিক ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্যে এই আলোচনা চলছে। ১৭, ১৮ ও ১৯ জুন তিন দিনব্যাপী এই সংলাপে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

 


এ জাতীয় আরো খবর