যশোর-১৭ জুন ২০২৫
যশোরের মনিরামপুর উপজেলায় প্রাইভেটকার থামিয়ে একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুয়াদা জামতলা মোড়ে এ লুটের ঘটনা ঘটে।
নগদ-এর যশোর অফিস সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির কর্মকর্তা রবিউল ইসলাম ওইদিন সকালে নগদের যশোর শাখা থেকে ৫৫ লাখ টাকা সংগ্রহ করে একটি প্রাইভেটকারে করে মনিরামপুর যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল-টাকা পৌঁছে দেওয়া মনিরামপুর শাখা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাজিদের কাছে।
কিন্তু কুয়াদা জামতলা মোড়ে পৌঁছানোর পরই পরিকল্পিতভাবে তাকে থামিয়ে দেয় মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত। তারা প্রথমে প্রাইভেটকারটির গতি রোধ করে, এরপর গাড়ির গ্লাস ভাঙে এবং রবিউল ইসলামের ওপর হামলা চালায়। দ্রুতগতিতে তারা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত রবিউল ইসলাম তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় যোগাযোগ করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ছিনতাইকারীরা ততক্ষণে সটকে পড়ে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এটি স্পষ্টতই একটি পূর্বপরিকল্পিত ছিনতাই। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা অভিযান শুরু করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ অন্যান্য প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, কুয়াদা জামতলা এলাকায় পূর্বেও একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, কিন্তু পর্যাপ্ত টহল না থাকায় চক্রটি সক্রিয় হয়ে উঠেছে।
এ ঘটনায় নগদ কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, টাকার গন্তব্য, গাড়ির রুট ও সময়সূচি সম্পর্কে ছিনতাইকারীদের আগে থেকেই ধারণা ছিল। ফলে এটিকে ‘টার্গেটেড অপারেশন’ বলেই মনে করছে পুলিশ। প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-গ ১৫৫৯২৩) ও অন্যান্য যান্ত্রিক বিশ্লেষণও করা হচ্ছে।