বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • আমার বাবা
  • ২০২৫-০৬-১৬ ১৫:১৩:৫১

তারার দেশে বাবা আমার, বছর কুড়ি আগে 
বলতো হেসে আমি সবার, জীবন যাদের ত্যাগে।
মানুষ গড়ার কারিগর, ইংরেজিতে তুখোড়,
ছাত্র পড়ায় জীবনভর, ছড়িয়ে ছিলো শেকড়।

মাধ্যমিকে প্রশ্ন ছিলো, আদর্শ কে লেখো 
প্রশ্ন পাতায় বাবা এলো, নয়ন মেলে দেখো,
স্বামীজি, বিদ্যাসাগর, দূর আকাশের তারা 
ছোট্ট বৃত্তে বাবার আদর, চেরাগ হাতে ধরা। 
দূর আকাশে ইন্দ্রধনু, ছুঁতে তাদের মানা 
বাবা আমার ফুলের রেনু,প্রজাপতির ডানা। 

সস্তা ছিটের পাঞ্জাবি, বাবার ছিল সিগনেচার 
ছিলো না কোন বায়না দাবি, সহজ সরল 
অঙ্গীকার।
সাম্যবাদের স্বপ্ন দেখে জেল খেটেছে বারংবার 
মূল্যবোধের বীজটি রেখে, গেলোই চলে পরপার।

এমন বাবার মেয়ে যে আমি, গর্বে মাথা আকাশ ছোঁয় 
ভুল ত্রুটি করছি জানি, চেরাগ তবু অমর রয়। 
বৈভব আর স্বচ্ছলতা, ধার ঘেঁসেনি কোনদিন, 
বিশাল বাড়ির নিঝুমতা, এখন আমি পরাধীন।


এ জাতীয় আরো খবর