মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

নতুন যাত্রার শুরু গলে: টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে বাংলাদেশকে সামনে কঠিন পথ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৬-১৬ ১৩:২৮:৩৮
ছবি সংগৃহিত
ঢাকা- ১৬ জুন ২০২৫ 
আন্তর্জাতিক ক্রিকেটে লাল বলের লড়াই আরও একবার নতুন চক্রে পা রাখছে। আগামীকাল (১৭ জুন) গলের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র (২০২৫–২০২৭)। এই দুই বছরের এই চক্রে অংশগ্রহণকারী নয়টি দল খেলবে মোট ২৭টি সিরিজে ৭১টি টেস্ট, যার মধ্য দিয়ে নির্ধারিত হবে শীর্ষ দুই দল, যারা ২০২৭ সালের জুনে খেলবে ফাইনাল।
তিনটি চক্র পেরিয়ে বাংলাদেশ এবার চতুর্থ চক্রে পা রাখছে বিশ্বাস ও বাস্তবতার সম্মিলিত ভার নিয়ে। আগের আসরে বাংলাদেশ টেস্টে কিছু উন্নতির ইঙ্গিত দিলেও এখনও অনেকটাই পিছিয়ে।
চতুর্থ চক্রে বাংলাদেশ খেলবে ১২টি টেস্ট, যার মধ্যে তিনটি সিরিজ ঘরের মাঠে ও তিনটি বিদেশে। প্রতিপক্ষ তালিকা দেখে বোঝা যাচ্ছে-এই চক্রে বাংলাদেশের সামনে রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ ও কঠিন ভেন্যু।
 
 শ্রীলঙ্কা (বিদেশে) – চলমান সিরিজ
পাকিস্তান (২০২৬ মার্চ, ঘরের মাঠে)
ওয়েস্ট ইন্ডিজ (২০২৬ অক্টোবর, ঘরের মাঠে)
দক্ষিণ আফ্রিকা (২০২৬ নভেম্বর, সফর)
ইংল্যান্ড (২০২৭ ফেব্রুয়ারি, ঘরের মাঠে)
অস্ট্রেলিয়া (২০২৭ মার্চ, সফর)
এই সফরসূচির মধ্য দিয়ে বাংলাদেশকে খেলতে হবে গত দুই আসরের ফাইনালিস্টদের মাটিতে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদেশের মাটিতে জেতা বরাবরই চ্যালেঞ্জিং।
 
পেছনে ফিরে দেখা: চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চিত্র
চক্র            ম্যাচ জয় হার    ড্র   পয়েন্ট অবস্থান
২০১৯–২১       ৭ ০ ৬     ১      ২০      ৯ম
২০২১–২৩      ১২ ১ ১০     ১       ১৬      ৯ম
২০২৩–২৫     ১২ ৪ ৮     ০        ৪৫       ৭ম
তৃতীয় চক্রে চারটি টেস্ট জয় বাংলাদেশের পারফরম্যান্সে কিছুটা আশাবাদ যোগ করেছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জেতা, নিউজিল্যান্ডকে ঘরের মাঠে পরাস্ত করা এবং বিদেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়-সব মিলিয়ে প্রথমবারের মতো একটি চক্রে একাধিক জয় পেয়েছে টাইগাররা।
নতুন চক্র শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, “আমরা গত চক্রে ৭ নম্বরে শেষ করেছি। এবার যদি ৪-৫-৬ নম্বরে শেষ করতে পারি, সেটিই আমাদের জন্য ভালো অর্জন হবে।”
তিনি আরও যোগ করেন: “গত চক্রে পয়েন্ট হার ছিল প্রায় ৩১ শতাংশ। সেটা যদি আমরা বাড়াতে পারি ৫০-৫৫ বা ৬০ শতাংশ পর্যন্ত, তবে একজন অধিনায়ক হিসেবে আমি বলব, আমরা উন্নতির পথে আছি।”
আইসিসি ইতোমধ্যে নিশ্চিত করেছে, ২০২৭ সালের জুনে চতুর্থ চক্রের ফাইনাল হবে ইংল্যান্ডে। সম্ভাব্য ভেন্যু ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। চূড়ান্ত তারিখ ও সূচি নির্ধারণ হবে পরবর্তীতে।
এই চক্রের সূচি বলে দিচ্ছে, বাংলাদেশকে এবার টেস্টে উন্নতির জন্য কঠিনতম পথ পাড়ি দিতে হবে।
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় সফর মানেই ‘অ্যাওয়ে ট্রায়াল’, যেখানে স্পিননির্ভর বাংলাদেশের ব্যাটিং লাইন আপের পরীক্ষাই আসল চ্যালেঞ্জ।
ঘরের মাঠে ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো ফল আনতে পারলে বাংলাদেশ টেবিলে আরও ওপরে উঠতে পারে।
সবচেয়ে বড় বিষয়-একটি স্থিতিশীল ও আত্মবিশ্বাসী ব্যাটিং ইউনিট গড়ে তোলা,যেটা এখনও বাংলাদেশের দুর্বল জায়গা।
সংক্ষিপ্ত চক্রসূচি (বাংলাদেশ):
জুন ২০২৫: শ্রীলঙ্কা সফর (২ টেস্ট)
মার্চ ২০২৬: পাকিস্তান (হোম, ২ টেস্ট)
অক্টোবর ২০২৬: ওয়েস্ট ইন্ডিজ (হোম, ২ টেস্ট)
নভেম্বর ২০২৬: দক্ষিণ আফ্রিকা সফর (২ টেস্ট)
ফেব্রুয়ারি ২০২৭: ইংল্যান্ড (হোম, ২ টেস্ট)
মার্চ ২০২৭: অস্ট্রেলিয়া সফর (২ টেস্ট)

এ জাতীয় আরো খবর