একদিন কলেজ পালিয়ে সিনেমা দেখে বন্ধুরা সবাই কেঁদেছিলো
আমিও কেঁদেছিলাম খানিকটা ছোঁয়াচে রোগের মতো,
কিছুদিন পরে এক সন্ধ্যায় হঠাৎ তোমার বুকে ব্যথা
মাত্র কয়েক মিনিট, কয়েক মিনিটের ব্যবধানে
নামের আগে ঈশ্বর শব্দ বসে গেলো!
জীবনের প্রত্যেকটা পর্বে এসে দাঁড়ালো শূন্যস্থান
নিজে ছেঁড়া পোশাক পরে আমার জন্য দামী জিনিস কেনা
বছরের পর বছর বইপত্র আর প্রয়োজনীয়তার জোগান দিতে সারাদিনে নিজের খাওয়ার সময় ভুলে যাওয়া,
সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে নিজের দিনরাত এক করে দেওয়া
অক্লান্ত পরিশ্রম শেষে সময় বার করে হাত ধরে ঘুরতে নিয়ে যাওয়া,
কখনও তোমার দিকে তাকিয়ে দেখিনি, ঠিকঠাক চুল আঁচড়ানো কিনা!
নামি রেস্টুরেন্টে খেতে খেতে মনে পড়েনি তুমি খেয়েছো কিনা
এখন, এখন বড় হয়েছি, মোটা মাইনের চাকরি করছি
ইচ্ছে করছে দুহাতে তোমায় কিছু খাইয়ে দিই,
কিন্তু মাঝখানে অবস্থান করছে অপুরনীয় শূন্যতা
তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না,
তবে সেদিনের সেই মিথ্যে চোখের জলের শূন্যস্থানে আজ সঠিক 'অনুভব' শব্দ টা খুঁজে পেয়েছি,
কাঁদছি এখন অঝোরে কাঁদছি
আর মনে পড়ছে সিনেমা-টার আবহ সংগীত ছিলো 'পিতা স্বর্গ পিতা ধর্ম'।