যতই ডাকো ড্যাড, ফাদার,
কিংবা বলো—পাপা,
আমার কাছে ভীষণ মধুর
একটা শব্দ—"বাবা"।
বাবা বলে ডাকলেই দেখি
একটা বিশাল ভুবন,
পাই ভরসা,ঝড় তুফানে--
দিশা হারাই যখন!
বাবা বলে ডাকলেই দেখি
দাঁড়িয়ে বটবৃক্ষ,
আগলে রাখে ছড়িয়ে বাহু,
দেয় বাড়িয়ে বক্ষ!
বাবা বলে ডাকলে দেখি
মাথার উপর ছাতা,
এক নিমিষেই যায় পালিয়ে
তপ্ত দহন–ব্যথা!
বাবা বলে ডাকলে আজও
সাহস জাগে বুকে,
চলার পথে পাই ভরসা,
হাসি ফোটে মুখে।
বাবা বলে ডাকলেই দেখি—
ওই তো ভগবান,
যা পেয়েছি এই ভুবনে
সব—তাঁরই অবদান।
এমনই এক আষাঢ় মাসে
আকাশ হলো আঁধার,
আসলো তুফান, ভেঙে গেলো
বটবৃক্ষ আমার।
আষাঢ় এলে মনটা জুড়ে
শোকের ছায়া নামে,
বাবা, তুমি ভালো থেকো
সুখের স্বর্গধামে।