চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ১৫ বছরের এক কিশোরিকে অপহরণ মামলার প্রধান আসামী মো: হৃদয়(২২) নামে এক যুবককে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সেই সাথে অপহরণের ১৩ দিন পর অপহৃতা ওই কিশোরি উদ্ধার হয়েছে। হৃদয় ভোলাহাটের পুরাতন বারাইপাড়া গ্রামের মো: আনোয়ারের ছেলে।
মামালার বরাতে র্যাব জানায়,গত ৩ জুন সন্ধ্যায় নিজ বাড়ির এলাকা থেকে অপহৃত হয় ওই কিশোরি। তাকে ভয়ভীতি দেখিয়ে এবং ফুসলিয়ে অপহরণ করে হৃদয় ও তাঁর সহযোগিরা। এ ঘটনায় ওই কিশোরির পিতা গত ১২ জুন ভোলাহাট থানায় মামলা করেন।
রোববার(১৫জুন) র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেখে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার পর র্যাব ওই কিশোরিকে উদ্ধার এবং আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ ধারাবাহিকতায় গত শনিবার(১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের কলমুডাঙ্গা গ্রামের একটি বাড়ি হতে ওই কিশোরিকে উদ্ধার এবং মামলার প্রধান আসামী হৃদয়কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার কিশোরি এবং গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।