ছয় মাইল দূর রেলস্টেশন, সেখানে কোন কাজ থাকার কথা না, সেই রেল স্টেশনের ধারে গিয়েছিল নুক্কার চাচা। রেল লাইনে কাটা পড়ে মরল সে। সেখানে লাশ পড়েছিল পাক্কা দু'দিন। নুক্কারা খবর পেয়ে যখন আলাদা মাথা আর ধড় দেখতে গেল তখন সেগুলো পচে ফুলে ঢোল। কিছু অংশ কাক-পক্ষীতে খেয়েছে।
তখন নুক্কার মনে হয়েছে আল্লাহ্ মালিক বড় নিষ্ঠুর। কয়েকদিন পর চাচার বউ চাচীর, সুন্দর মত একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেল। বাহারি স্বাস্থ্য, আয়-রোজগার ভালো। সুখ আর আনন্দে ভরা চাচীর চোখ- মুখ দেখে নুক্কার মনে হলো, আল্লাহ্ মালিক বড় মঙ্গলময়।
আল্লাহ্ মালিকের দয়াভরা মায়াময় হাত দুনিয়া ভর ছড়ানো। তিনি আগুনের ছাই ছুঁয়ে দিয়ে সোনা বানিয়ে দেন।
নুক্কার চাচা রেল লাইনে কাটা পড়তে, দুনিয়াতে চাচার জন্য যে জায়গা, যে খাওয়াটা বরাদ্দ ছিল তা এখন থেকে কে পাবে? আল্লাহ্ মালিক তো এরকম জায়গা আর রিজিক ফেলে রাখতে পারেন না। কে জানে নুক্কার কোন ভাল কাজ আল্লাহ্ মালিকের চোখে পড়েছিল। নুক্কার চাচার ফাঁকা জায়গা নুক্কাকে দিয়ে ভরিয়ে দিলেন আল্লাহ্।
নুক্কা সত্যি সত্যি ভরেও আছে। তার নিজের বাস করার বিশাল রাজত্ব। পাকা ঘরবাড়ি।
এই পাকা ঘরবাড়ির যেখানে খুশি সে বসতে পারে, শুতে পারে। তার উপর নজরদারি করার কেউ নেই।অবশ্য সে পাকা ঘরবাড়ির যেখানে খুশি শোয়ও না, বসেও না। তার থাকার জন্য, গোসলের জন্য পৃথক ব্যবস্থা। সে ব্যবস্থায়ই বাস করে নুক্কা।
একলা মানুষ, রান্নারও বেশি ঝামেলা নেই। তাকে ভাত রান্না করতে হয় না, রুটিও বানাতে হয় না। তার কারণ এই পাকা ঘরবাড়ির চারপাশে যে বিশাল জমি সেখানে ধানও ফলে না, গমও ফলে না। সেখানে আছে শুধু ফলের গাছ। আর সারা বছর সে বোনে শাকসবজি। একলা মানুষের আর কতটুকু লাগে? নুক্কা শাক সবজি রান্না করে খায়। আর যে ঋতুর যে ফল। এখানে এসে উঠবার পর সে আর ভাত- রুটি খায় নি। তার স্বাদও ভুলে গেছে।
চাচা এই পাকা ঘরবাড়ি, জমি জিরাতে যে মজুরিতে কাজ করতো তার মজুরীও তাই। সে এখানে দিনের চব্বিশ ঘন্টা থাকবে আর জমিতে যা হয় খাবে। এই জমির, পাকা ঘরবাড়ির খোঁজ নিতে কেউ আসে নি বহু দিন।
এখান থেকে মাইলখানেক দূরে নদী।নদীর ওপর সেতু বানানোর কাজ এবাদত হোসেনের কোম্পানিকে টেন্ডারের মাধ্যমে দিয়েছিল সরকার। এই সেতু নির্মাণ ছিল সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প। প্রায় পাঁচশ' কোটি টাকার কাজ।মোবিলাইজেশন এডভান্সের টাকা পেয়ে সেতু নির্মাণ কাজ শুরুর সব ব্যবস্থা নিলেন এবাদত হোসেন।
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবাদত হোসেনকে ডেকে বললেন, ইঞ্জিনিয়ার সাহেব, এটা আমার নির্বাচনী এলাকা। কমপ্লিশন শিডিউলের আগে আমার কাজ শেষ করে দেবেন।
ইঞ্জিনিয়ার কাম কন্ট্রাক্টর এবাদত হোসেন কথা দিলেন, করে দেবো স্যার।
তিনি নিজে সাইটে উপস্থিত থেকে কাজ তদারক করবেন। এজন্য প্রকল্প থেকে কিছু দূরে বিশাল এলাকা নিয়ে গেস্ট হাউজ তৈরি করে ফেললেন।
মন্ত্রী সাহেব নামমাত্র মূল্যে গেস্ট হাউসের জমি কেনার ব্যবস্থা করে দিয়েছিলেন।
এবাদত হোসেন গেস্টহাউসে থেকে সার্ভে আর ইঞ্জিনিয়ারিং কাজ করছেন। ভারী যন্ত্রপাতি, বুলডোজার, পেলোডার,আর্থ এক্সকেভেটর সাইটে পাঠানো শুরু হয়েছে। এসময় মন্ত্রী বাহাদুরের তৈরি করা একটা সেতু অন্য এলাকায় ধ্বসে পড়ল। জানমালের ক্ষতি হলো। মিডিয়া লাগলো মন্ত্রীর পেছনে। মন্ত্রীর চাকরি গেল।
সে -পর্যায়ে তার নিজ এলাকায় ব্রিজ নির্মাণের ইতি।
পরের মন্ত্রী এসে চেষ্টা করলেন,এ এলাকা সেতুর বদলে আরো নদী দিয়ে ভরিয়ে দিতে।
তারপর থেকে এবাদত হোসেনের গেস্ট হাউস পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গেস্ট হাউস দেখাশোনার কাজ করছে নুক্কা।
নুক্কা খবর পেয়েছে, বহুদিন পর মালিক আসছে গেস্ট হাউসে, তিন দিন থাকবে। তখন থেকে নুক্কার মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে।
বাবারে বাবা, মালিক, যাকে বলে মালিক। আল্লাহ মালিকের মত মানুষ মালিকও বহু কুদরতি কাজ করতে পারে।
মালিক এলে তাকে মাছ খাওয়াতে হবে, মাংস খাওয়াতে হবে, ভাত খাওয়াতে হবে, রুটি খাওয়াতে হবে। এসবের স্বাদ সে বহুদিন ভুলে গেছে। এতসব রান্না করতে পারবে তো সে!
নুক্কা দৌড়ে দৌড়ে ঘর পরিষ্কার করছে, বিছানা ঠিক করছে ,উঠান ঝাঁট দিচ্ছে। তার অন্য কোথাও যাওয়ার উপায় নেই।কখন যে মালিক এসে উঠে, এসে বলে, এই ব্যাটা ভালো করে আমার পা ধুয়ে দে।
দুই
কেয়ার বোন পাখি সেও কেয়ার মত প্রাইভেট কোম্পানিতে কাজ করে। পাখি যতক্ষণ বাইরে থাকে ভালো, কিন্তু বাড়িতে ঢুকলে মায়ের কোলে হামলে পড়ে। তার দুনিয়ার যত কথা, রাজ্যের ভাবনা সব মাকে জানানো চাই। কেয়া মনে করে পাখির বুদ্ধিশুদ্ধি কম। মেয়েদের এত মুখ পাতলা হলে চলে না।
কেয়া যে এতটা দূরত্ব রেখে চলে, সে কারণে কেয়ার মা কেয়াকে কম ভালোবাসে না।
মাত্র একদিন আগে কেয়া তার মাকে বললো, বড় সাহেবের সাথে তাকে ট্যুরে যেতে হবে। তাকে ছাড়া বড় সাহেবের চলবে না। তিন রাত তাকে বাইরে থাকতে হবে।
অনাত্মীয় পুরুষের সাথে একাকী মেয়ে তিন রাত বাইরে থাকবে, একথা শুনে কেয়ার মায়ের ভালো লাগলো না।
কেয়ার মা বলল, আগে তো কোনদিন এরকম যাস নি। পাখিকে দেখ, পাখিও তো চাকরি করে। আমি এই তিন রাত ঘুমাতে পারবো না।
নিজে একটা কোনো ভালো যুক্তি দেখিয়ে কাউকে বোঝানোর চেষ্টা করো, অপরজন আরেকটা কথা বলবে, আবার তার উত্তর দাও। এভাবে কথা ধরে ধরে সব ফেনিয়ে তুলবে। তার চেয়ে ভালো হলো একটা দুর্বল কোন জায়গায় ঘা দেয়া।
কেয়া নরম ও শান্ত ভাবে বলল, তাহলে চাকরিটা ছেড়ে দেই মা!
মা তখন ট্যুরে মেয়ে সাথে কী নেবে না নেবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো।
কেয়া আর পাখির থাকার ঘর একটা। পাশাপাশি আলাদা বিছানা।রাতে দুজনের বাতি জ্বালিয়ে খুটখাট কথাবার্তা চলে। তারপর একজন ঘুমিয়ে পড়ে, অপরজন বেড সুইচ টিপে বাতি নিভিয়ে দিয়ে ঘুমাতে যায়। বেশিরভাগ রাতে একাজটা কেয়াকে করতে হয়।
বহু রাত কেয়ার এমন গেছে, সারারাত ছটফট করছে, ঘুম আসে নি। কিন্তু পাখির মনে হয় না তার বেলায় এরকম কোনো অসুবিধা হয়।
বিছানায় শুয়ে পাখি বলল, তোদের যেখানে অফিস নেই, প্রজেক্ট নেই, কারখানা নেই, সেখানে তোকে নিয়ে যাচ্ছে। তাও একা, কেন বল তো!
কেয়া বলল, ন্যাকা, কিছু বোঝো না, সব সময় ছোট ছোট ভাব করে থাকো। আসলে তুমি এখন কিন্তু আর কচি খুকি না।
কী কথায় কী কথা, তোমাকে সাথে কেন নিয়ে যাচ্ছে সে কথা জানতে চাচ্ছি।
একটা পুরুষ একটা টসটসে যুবতীকে ধরে জঙ্গলে কেন নিয়ে যায়, তা তুমি জানো না?
তোকে এসব বলেছে তোর বস? সরাসরি তোকে প্রস্তাব দিয়েছে?
মুখে বলতে হয়! পুরুষের চোখ-মুখ, কাজকর্ম দেখলে বোঝা যায় না?
আমার কিন্তু ভালো লাগছে না আপা। আমাকে বলতো তোর বস ঠিক ঠিক কী বলেছে।
আরে তৌফিক সাহেব আমার ডাইরেক্ট বসও না। আমি কাজ করি ওনার ভাই মঞ্জুরের সঙ্গে। আমাদের কোম্পানির চেয়ারম্যান এবাদত হোসেন স্যারের দুই ছেলে তৌফিক আর মঞ্জুর। তৌফিক সাহেব কয়েক কোম্পানির এম.ডি আর মঞ্জুর সাহেব অন্য কয়েক কোম্পানির এম.ডি।
কয়েকদিন ধরে তৌফিক সাহেব আমাকে তার অফিসে ডাকে। এই ফাইলটা আনেন তো, ওই ফাইলটা নেন তো। আমি দেখি ছুতা। আমাকে বসায় তার অফিসে, চা কফি খাওয়ায়। একদিন লাঞ্চে নিয়ে গেল বাইরে। তারপর আবার আরেকদিন। অফিসের অন্য মেয়েদের সঙ্গে দুই ভাইয়ের কেমন সম্পর্ক জানি না। বড় ভাই মঞ্জুর বিয়ে করেছে দুই মাস আগে। ছোট ভাই এখনো বিয়ে করে নি।
কথা বলতে বলতে কেয়া উঠে বসলো। পাখি তার বোনের মুখের দিকে তাকিয়ে আছে। সেখানে উত্তেজনার হালকা ছোঁয়া। রাতের এই কম আলোতেও বোঝা যায়।
কেয়া বলল, দেখলাম খেলতে যখন চাচ্ছে খেলুক না, সুযোগ তো সব সময় আসে না।কোম্পানির এম.ডি নিজে আমার কাছে ধরা দিতে চাচ্ছে, ধরি, বড় একটা কিছু পেয়ে যেতেও পারি।তারপর তিনদিন আগে, আমাকে তৌফিক সাহেব তার চেম্বারে ডেকে নিয়ে বলল, তিন দিনের জন্য আমার সাথে বাইরে যেতে হবে, না বলবে না।
কেয়া দেখলো, তৌফিক বেশ অধিকার নিয়ে বলল, না বলবে না।
সেও বললো, শুধু তিন দিন, তিন রাত না?
তৌফিক হাসলো, বললো তোমার অফিসকে কিছু জানানোর দরকার নেই। অফিস থেকে ছুটি নিয়ে নাও।
বাচ্চা মেয়ের মত মাথা দুলিয়ে কেয়া বলল, আচ্ছা।
পাখি বলল, তাহলে তো তোরা দুজনে বেশ ভালো জানিস, কেন যাচ্ছিস।
জানি তো।
ঠিক করা আছে যে, কেয়া অফিস পর্যন্ত যাবে না, তৌফিক সাহেবের গাড়ি কেয়াদের বাসাতেও আসবে না। কেয়া নিউমার্কেটে অপেক্ষা করবে সকাল নয়টায়। সেখান থেকে তৌফিক সাহেব তাকে তুলে নিয়ে যাবে।
এত ক্ষমতাবান একটা মানুষের এই লুকোচুরি খেলায় মজা পাচ্ছিল কেয়া।
তিন
বর্ষায় সাদা হলুদ কদম ফুলে ঝুপসি হয়ে থাকা বড় ঝাঁকড়া একটা কদম গাছের তলায় কেয়া ও তৌফিককে নামিয়ে দিয়ে জীপের ড্রাইভার চলে গেল।
তৌফিক ড্রাইভারকে বললো, তোমার ছুটি, বাড়ি চলে যাও। আসবে তিন দিন পর। এর মধ্যে এদিক ওদিক ঘুরাঘুরি করতে হলেও পারতপক্ষে আমরা গাড়ি নেব না। আর যদি গাড়ি ব্যবহার করতেও হয় আমি তো আছি।
ড্রাইভার চলে যেতে কেয়া সহজ হলো, বলল, এত দুর তা কিন্তু আগে বলেন নি।
সব আগে বললে তার মধ্যে উত্তেজনা থাকে না।
তিন দিনের জন্য হলেও কেয়া বড়োসড়ো একটা সুটকেস এনেছে। তৌফিকের ছোট সুটকেস ট্রলি। প্লেনে উড়ে যাবার সময় কেবিনের ভিতর এর চেয়ে বড় আকারের ব্যাগ অনুমোদন করে না। কেয়া বুঝলো, মালিকদের ছোটখাটো ট্যুরের এটাই স্টাইল।
দুজনের সুটকেস একসাথে মাথায় তুলে নিয়ে গেছে লোকটা, নাম বলেছিল নুক্কা।
কেয়া বুঝতে পারে নি এ কথার মানে কী। লোকটা নিজের বুকের বাম ধার হাত দিয়ে চেপে বলেছিল, আমার নাম নুক্কা।
কেয়া তৌফিকের একটা হাত ধরে বলল, চলো।
কেয়া যে ভাবে পা ফেলছিলো, মনে হচ্ছিল, এ জায়গা তার খুব চেনা।
কেয়া বলল, লোকটার অদ্ভুত নাম। নুক্কা। চেহারা-সুরতও বেলে মাছের মতো। মনে হলো, সারা গায়ে তার কোন রক্ত নেই।
তৌফিক বলল, এত অল্প সময়ে এত সব দেখতে পাও কী ভাবে?
কেয়া বলল, বাবা, মেয়েদের চোখ।
মেয়েদের মন দিয়ে কেয়া জানতো, তৌফিকের কালো স্যামসোনাইট ট্রলি ব্যাগের ভেতর সবুজ রঙের চ্যাপ্টা আকৃতির একটা বোতল থাকবে।
ঠিকই মদের বোতল সাথে নিয়ে এসেছে তৌফিক। তবে বোতলের রঙ সবুজ না, স্বচ্ছ মদ রঙ, এই রঙটাও টানে মানুষকে।
তৌফিক বলল আগে খেয়েছো কখনো হুইস্কি?
কেয়া বললো, না, তবে আজ খাব। কেয়া গ্লাস দুটো এগিয়ে দিয়ে বলল, আমাকে অল্প দেবে।
ছরছর করে গ্লাসে তরল পদার্থ ঢালার শব্দ হচ্ছিল। তৌফিক বলল, আইস কিউব পাওয়া যাবে না এখানে?
কেয়া বলল ,হ্যাঁ ,তুমি ফাইভ স্টার হোটেল পেয়েছো।
তৌফিক হাসলো।
কেয়া বলল, মদ পেটে পড়লে কিছুক্ষণ পর বলবে, আমাকে ঐশ্বরিয়া না হয় মাধুরী দীক্ষিত এনে দাও।
তৌফিক হাসি হাসি মুখ করে কেয়ার কথা শুনছে।
বুড়ো আঙুল নাড়াতে নাড়াতে কেয়া বললো ,কেয়ার বেশি আর কিছু তুমি পাবে না।
এক চুমুক হুইস্কি খেয়ে কেয়া বলল, বিশ্রী স্বাদ।তুমি এরকম ঢকঢক করে খাচ্ছ কী ভাবে?
ছাই রঙের টি- শার্টের হাতা তৌফিকের বাহুতে চেপে বসেছিল, তার বাইরে তৌফিকের লোমশ মোটা মোটা হাত। নীল জিন্সের প্যান্টের বাইরে তৌফিকের ফর্সা পা।
কেয়া বলল, আমি রাতের নাইটি পড়ে আসি।
ঘরের বাইরে, ঝুম অন্ধকারে দূরে যেতে তার ভয় লাগছিল। সে কিছুটা আড়ালে গিয়ে কাপড় পাল্টালো।
এবার এসে তৌফিকের কিছুটা গা ঘেঁসে বসলো কেয়া। মদের বোতলের সাথে তৌফিক তার নিজস্ব মদ খাওয়ার গ্লাসও নিয়ে এসেছিল। গ্লাসে সে চুমুক দিচ্ছে। কেয়া তার একটা হাত নিয়ে তৌফিকের গ্লাস ধরা হাতে তার নিজের হাত ঘষতে লাগলো।
কেয়ার পরা নাইটির গলা বুকের অনেক দূর পর্যন্ত কাটা। তার ভরাট স্তন ওই ফাঁকার ভেতর দিয়ে উপছে পড়তে চাইছে। কেয়াও চাইছিল নাইটির হালকা বাধার ভেতরে আটকে থাকা তার শরীর তৌফিক ভালভাবে দেখুক।
তৌফিক ডাকল, নুক্কা,এই নুক্কা।
ধারেকাছেই ছিল নুক্কা, আদেশের অপেক্ষায়। কাছে এসে দাঁড়ালো।
তৌফিক বলল, তুমি আর কে থাকো এই গেস্ট হাউসে?
আর কেউ না মালিক।
কত বেতন পাঠায় অফিস থেকে?
কোন বেতন না।
মানে?
আমার চাচাও বেতন পেতো না। রেলে কাটা পড়ল আমার চাচা।চাচা নেই তো, সবাই বললো, তুই চাচার কাজে ঢুকে যা নুক্কা।
প্রায় নগ্ন শরীর কেয়ার। তার ওপর সে তৌফিকের শরীর ঘেঁষে বসেছিল। নুক্কার মতো আজব ধরনের ফকির কিসিমের একটা লোকের সামনে ওভাবে থাকতে তার অস্বস্তি লাগছিল।
তৌফিককে ঠেলা দিয়ে কেয়া বলল, এই মাঝ রাতে কী বাজে প্যাচাল আরম্ভ করলে?
নিজেকে অল্প ঢেকেঢুকে কেয়া নুক্কাকে বলল, তুমি যাও এখন।
তৌফিক তার ট্রলিব্যাগ হাতড়ে মোটা একটা ইংরেজি পেপারব্যাক থ্রিলার বের করল। চুকচুক করে হুইস্কি খাওয়ার সাথে বই পড়তে শুরু করল সে।
কেয়া বলল, এই আর কতক্ষণ খাবে তোমার ঘোড়ার ডিম মদ?
নিজের ভাগেরটা শেষ করবার জন্য গ্লাসের বাকী মদটুকু ঢকঢক করে গিলে ফেলার চেষ্টা করলো কেয়া। গলা, বুক জ্বলে যাচ্ছে মদ চলার পথ জুড়ে। মাথা ঝিমঝিম শুরু করেছে।
কিছুক্ষণ পর তৌফিক বললো, চলো বাইরে হাঁটাহাঁটি করে আসি। এত বড় বাগান ভালোভাবে দেখাই হলো না। রাতের আলো ছায়াতে অদ্ভুত সুন্দর লাগবে। চলো।
কেয়া বলল আমি হাঁটতে পারবো না।
আমাকে ধরে ধরে হাঁটবে।
তৌফিক আর কেয়া বাগানে বেরিয়ে এলো। পেছনে পেছনে নুক্কাকে আসতে বলেছে তৌফিক। বৃষ্টিধোয়া সুন্দর বাতাস বয়ে যাচ্ছে। গাছের পাতায় ছন্দ ধরে ছমছম শব্দ হচ্ছে। বনজ গন্ধ, পাতার, ফুলের, ভেজা ঘাসের।
ঠান্ডা বাতাসে মদের নেশা বেশি কামড় বসাচ্ছিল কেয়াকে। টলে টলে যাচ্ছিল।
তৌফিক নুক্কাকে বলল, ওপাশ থেকে ম্যাডামকে তুমি ধরে থাকো।
কেয়া হাঁটছিল, হাঁটছিল, হঠাৎ তন্দ্রার মত আসছিল। একবার তৌফিকের গায়ে পড়ে যাচ্ছিল আরেকবার নুক্কার।
ঘরের ভেতর ফিরে এসে তৌফিক কেয়াকে বলল, কেমন লাগছে এখন?
কেয়া বললো, ভাল; আবার বলল, ভাল না।
তৌফিক ডাকল, নুক্কা,এই নুক্কা।
নুক্কা ধারে কাছে ছিল আদেশের অপেক্ষায়।
তৌফিক বলল, ম্যাডামকে কেমন লাগে তোমার?
নুক্কা বললো, ভালো।
গ্রামের মেয়ে বেশি ভালো, না শহরের মেয়ে ভালো?
সবাই ভালো।
এখানে আসো, তোমার ম্যাডামকে আরো ভালোভাবে দেখো। এই বলে তৌফিক কেয়ার নাইটির বোতাম একটা একটা করে খুলতে শুরু করল।
কেয়া তৌফিকের হাতের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো।
তৌফিক কঠোর স্বরে কেয়াকে ধমক দিল, নড়বে না।
কেয়ার একটা স্তন মুঠোয় নিয়ে তৌফিক নুক্কাকে বলল, এটা ধরো।
নুক্কা জানে, মালিকের আদেশ না মানার তার উপায় নেই। নুক্কা কেয়ার একটা স্তন ধরল।
কেয়াকে ছেড়ে দিয়ে তৌফিক উঠে দাঁড়ালো। নুক্কাকে বললো, এটা তোমাকে দিলাম। না নিয়ে ছাড়বে না। আমি বাইরে গেলাম। শেষ করে আমাকে বলবে।
ওই শব্দ আরো ভালোভাবে শোনার জন্য তৌফিক দুজনকে রেখে ঘর থেকে বাইরে এল।
চার
ভোর হতে শুরু করেছে, সে আলোতে তৌফিক কেয়াকে বলল, যাও, বাইরে খোলা জায়গা থেকে হাঁটাহাঁটি করে আসো। সকালবেলার তাজা আলো দেখে চিনতেই পারবে না যে একটা অন্ধকার রাত পার হয়ে গেছে।
সঙ্গে তুমিও চলো।
তৌফিক বলল,আমাকে পাশে নিয়ে হাঁটতে তোমার আর ভালো লাগবে না।
কেয়া বলল, তাও চলো।
কেয়া হাঁটতে হাঁটতে দেখল, শিশুকালে তার এরকম ভোরবেলা ছিল। আবার কোন জাদুতে শিশুকালটা চলে এসেছে। তার দু'চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছিল। কাঁদতে কাঁদতে কেয়া বলল, তুমি আমার সাথে এরকম কেন করলে?
সব রোগ উপশমে কান্নার চেয়ে বড় ওষুধ আর নেই। তৌফিক সময় দিল। মেয়েটা ইচ্ছেমতো কাঁদুক।
হঠাৎ করে বলল তৌফিক, তোমাকে প্রথম যেদিন বাইরে নিয়ে গেলাম, সেদিন তোমার একটা কথা জানতে চেয়েছিলাম, মনে আছে?
কোন কথা?
তোমার মাসিক হওয়ার পিরিয়ড জানতে চেয়েছিলাম।
কেয়া বলল, তখনই বুঝেছিলাম তুমি সেক্স পার্ভাটএকটা লোক।
সব তাড়াহুড়া করে বুঝে যাওয়া ঠিক না। তাহলে হাঁটতে গিয়ে আছড়ে পড়বে।
বুঝলাম, বল।
আমি খোঁজ নিয়ে এসেছি কোন সময় তোমার কনসিভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি।
থমকে দাঁড়িয়ে অবাক হয়ে কেয়া তৌফিকের মুখের দিকে তাকালো।
এক রাত গেছে, আরো দু'রাত তুমি এখানে এভাবে থাকবে। যতবার সম্ভব নুক্কা তোমাকে ভোগ করবে। আমি নিশ্চিত হয়ে ফিরতে চাই যে পুরুষের শুক্র তোমার জরায়ুতে কাজ করছে।
ঘৃণা নিয়ে কেয়া বলল, তুমি কি নপুংসক, ইমপটেন্ট, হিজরা, খাসি?
হো হো করে হাসল তৌফিক।
আর নুক্কা তবে বিক্রমশালী পুরুষ? ভালো কথা মনে করিয়েছো কেয়া। নুক্কা তোমার মত লাভার পেয়েছে। তোমাকে হারিয়ে পরে অন্য কিছুতে তার মন ভরবে না, দেখো। নুক্কাকে খাসি করে রেখে গেলে হয়।
কেয়া বলল, তুমি মানসিক রোগী।
তৌফিক বলল, যে ড্রাইভার আমাদের গাড়ি চালিয়ে এখানে রেখে গেছে, সে আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাবে। তারপর থেকে সে আর কোনদিন ড্রাইভারের চাকরি করবে না। তাকে আমি একটা ট্যাক্সি ক্যাবের মালিক বানিয়ে দিয়েছি। সে আর মালিকের ট্যাক্সি চালাবে না। তবে সে তিনমাস তোমার উপর পুরো নজরদারি করবে। ওই তিন মাস তোমার ভেতরে পুরুষের শুক্র আর তোমার ডিম্ব একসাথে কাজ করবে।
গাছ তলায় সিমেন্টে বাঁধানো একটা বেঞ্চের ওপর বসল কেয়া।
তৌফিকও পাশে বসলো। বলল, তিন মাস পর তুমি আমার বাবা মানে, তোমাদের কোম্পানির চেয়ারম্যান স্যারের কাছে গিয়ে বলবে তার ছোট ছেলে মঞ্জুর তোমাকে নষ্ট করেছে। তোমার পেটে তার তিন মাসের বাচ্চা।
সকালের আলোকে যেমন, তেমনি তৌফিককেও কিছুটা চিনতে পারছিল কেয়া।
তৌফিক বলল, মঞ্জুরের বউ সঙ্গে সঙ্গে স্বামীকে লাথি দিয়ে চলে যাবে। আর আমার বাবা আমার ছোট ভাইকে ত্যাজ্যপুত্র করে দেবে। সে আর কোন সম্পত্তি পাবে না। তোমার বুড়ো স্যারের কাছে এই একটা পাপের মোটে ক্ষমা নেই। কোন ভাগাভাগি আমার পছন্দ হয় না।
তৌফিক কেয়ার মুখের রঙ বদলানো দেখতে দেখতে বললো, এত সব কাণ্ডের পরে ঢাকায় ফিরে গিয়ে তোমাকে আমার অসহ্য লাগবে কেয়া। বমিও আসতে পারে।
যেন একটা রাস্তা খুঁজে পেয়েছে, এভাবে কেয়া বলল, তুমি তো না তোমার ভাই আমার ডাইরেক্ট বস। তাকে গিয়ে সব আমি বলে দেবো, তোমার কুকীর্তি আর ষড়যন্ত্রের কথা।
তৌফিক বললো, আমার ভাইকে আমি চিনি। তোমার কোন উপকারটা করবে সে? তোমাকে দিয়ে নতুন করে ফন্দি আঁটবে আমাকে কীভাবে প্যাঁচে ফেলবে। তখন তুমি এদিক ওদিক দু'দিক হারাবে। বেশি চালাকি করো না। একদিকে থাকো।
কেয়া চোখ বুঁজে জোরে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাবল, সিনেমা দেখছে সে। আরো কিছুক্ষণ নায়িকাকে নানাভাবে কষ্ট পেতে হবে। তারপর শেষ মুহূর্তে নায়ক এসে নায়িকাকে রক্ষা করবে।
হতাশায় মন ভরে গেল কেয়ার। তার নায়ক পাশে বসে, কিন্তু সে তার নায়িকাকে রক্ষা করবে না, ছুঁয়েও দেখবে না।
বিকেলবেলা তৌফিক একটা সুগন্ধী সাবান নুক্কাকে দেওয়ার জন্য কেয়ার হাতে দিলো।
নুক্কাকে বলো, ভালো করে ডলে গোসল করে আসবে।
নুক্কাকে বলল তৌফিক, সাফসুতরা হয়ে আয়, নইলে ম্যাডামের ঘেন্না লাগবে।
নুক্কা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তৌফিক কেয়াকে বলল, সাবানটা দিচ্ছ না কেন? বি অনেস্ট। বাস্তবকে বাস্তবের মতো দেখো।
রাতের খাওয়া খাচ্ছিল তৌফিক ও কেয়া। সাদা ধবধবে ভাত, মুরগির মাংস। নুক্কাই রান্না করেছে। এখন পরিবেশন করছে। সব খাবারের মধ্যে একটা উগ্র,তেজালো, বুনো স্বাদ।
কেয়া আর নুক্কাকে দেখতে দেখতে তৌফিক বলল, তোমরা দু'জনে কোন কথা বলো না, একবারও শুনলাম না তো! আজ দু'জনে কথা বল তাহলে ব্যাপারটা ন্যাচারাল হবে।
কেয়া বলল, তুমি থামো।
খাওয়ার পর উঠানে পায়চারি করার সময় তৌফিক কেয়াকে বলল, তোমাকে আমি বিশ্বাস করি না।রাতে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় একটা বড় পাথর দিয়ে আমার মাথাটা তুমি থেঁতলে দিতেও পারো। রাত্রিবেলা নুক্কা থাকবে আমাদের সাথে ঘরের ভেতর, আমাকে পাহারা দেবে।
কেয়া বলল, আমাকে বিশ্বাস হয় না, নুক্কাকে বিশ্বাস হবে?
তৌফিক বলল, নুক্কার সাথে আমি কথা বলেছি। তার ধারণা আল্লাহর ক্ষমতার কাছাকাছি আমার ক্ষমতা। তোমার একটা আস্ত শরীর তাকে দিয়ে দিয়েছি ,এরকম বহু কিছু আমি পারি।
কেয়া বলল, আমাকে তোমার ঘরে নিয়ে শোওয়ার দরকার নেই। আমি নুক্কার সাথে ওর ঘরে থাকবো।
তৌফিক বলল, আমি আমার কাজের বাইরে আর কিছু নিয়ে মাথা ঘামাই না। তুমি আর নুক্কা দু' দিন যেখানে খুশি থাকতে পারো। যা খুশি করতে পারো।
রাতে শুয়ে থেকে তৌফিক বাইরে দু'টি মানুষের চলাফেরার শব্দ শুনল। একবার বাইরের বড় গেটও খোলা হল। হয়তো কেয়া আর নুক্কা এখান থেকে পালিয়ে যাওয়ার ফন্দি করছে। করুক। আবার ঘুমিয়ে পড়ার আগে ভাবলো, ওদেরটা ওরা করুক। ওদের কাজ দেখে পরে সে তার নিজের করণীয় নির্ধারণ করবে।
সকালে তৌফিক নাস্তা খাওয়ার সময় কেয়াকে জিজ্ঞেস করলো, রাতে তোমরা পালানোর চেষ্টা করেছিলে নাকি?
কেয়া বলল, পালাবো কেন?
আমার হাত থেকে মুক্ত হবার জন্য।
কেয়া বলল, তোমার নুক্কা পালাতে যাবে কেন, ভরভরন্ত মেয়েমানুষের একটা শরীর পেয়েছে ভোগ করার জন্য। আর আমি? আমি তো জানতামই কেন তোমার সাথে এসেছি। পুরুষ সংসর্গ। তুমি না হয়ে নুক্কা হলো।
তৌফিক যা করতে এসেছিল, পরিকল্পনামতো সব কাজই হয়েছে।ছোট কাজ, বড় কাজ, যে কোনো কাজই শেষ করতে পারলে অনির্বচনীয় একটা আনন্দ পাওয়া যায়। তার ভাল লাগছিল। আবার বিনা কাজের অবসরটা তার ভারিও লাগছিল।
কেয়া আর নুক্কা দু'জনে শেষ দিনটায় তার কাছে তেমন ভিড়ছিল না। তার একা লাগছিল। মনে হচ্ছিল, সে মঞ্জুরের ক্ষমতা খর্ব করার কাজ করছে। আর এখন মঞ্জুর বা আর কেউ তৌফিককে সাইজ করার জন্য অন্য একটা কিছু করে যাচ্ছে।
সন্ধ্যেবেলা তৌফিক বলল, কেয়া তোমাকে বলেছি কোন সুযোগ নষ্ট করব না। আজ রাতে তোমরা তিন বার মিলিত হবে।
কেয়া বলল, তোমার একটা রুমাল দিয়ে দাও, যেখানে নুক্কার স্পার্ম ধরে রাখবো। তুমি যত্ন করে জমিয়ে রেখো, না হয়, তোমার ডাক্তারকে দেখিয়ে নিশ্চিত হয়ো।
সময় মতো জীপের ড্রাইভার এসে পৌঁছেছে।কেয়া নিজের কাপড়চোপড়, তৌফিকের কাপড়চোপড়, জিনিসপত্র সব গুছিয়ে ঠিক করে নিয়েছে। কেয়ার বড়োসড়ো সুটকেসটা রেডি। তৌফিকের ট্রলি ব্যাগ। তৌফিক আর কেয়া যখন এসেছিল তখন নুক্কাই জীপ থেকে নামিয়ে এনেছিল ব্যাগ দুটো। এখন আবার নুক্কা সব তুলে দিয়ে আসবে।
তৌফিক দেখল, কেয়ার মনমরা ভাবটা নেই। ঝলমলে লাগছে। কপালের ওপর থেকে টানটান করে সুন্দর করে মাথার চুল আঁচড়েছে। পলকা ডটঅলা ফিরোজা রঙের জামাটায় কেয়াকে সুন্দর, অল্পবয়সী মনে হচ্ছে।
কয়েকবারই কেয়া তাড়া দিয়েছে তৌফিককে, তাড়াতাড়ি চলো।
কেয়ার জন্য তৌফিকের মায়া হল। মেয়েটা ভাবছে, গেটের বাইরে একটা বড়, ভাল কিছু তার জন্য অপেক্ষা করছে। অবশ্য কেয়া যদি সব ভালোয় ভালোয় সামলে নিতে পারে,তাহলে ড্রাইভারের ট্যাক্সিক্যাবের মত কেয়াও তার ভবিষ্যত নিশ্চিত করার মত তৌফিকের কাছ থেকে বড়োসড়ো একটা কিছু পেয়ে যাবে।
নুক্কা তার মাথায় তুলে নিয়েছে কেয়ার সুটকেস আর তৌফিকের ট্রলি ব্যাগ।
তৌফিক বলল, কেয়া চলে যাচ্ছ, তোমাকে তিন রাত যে সুখে ভরিয়ে রাখল, তাকে কিছু বলে যাবে না?
কেয়া নুক্কাকে ডেকে বলল, কদম গাছে উঠে আমাকে দুটা কদম ফুল পেড়ে দাও, চুলে গুঁজবো।
বিশাল গুঁড়িতে বেড় দিয়ে নুক্কা কদম গাছে উঠছে।
কেয়া তার হাত ব্যাগ খুলে কলম আর এক টুকরা কাগজ বের করল।তাতে দ্রুত লিখে কাগজটা ভাঁজ করে তৌফিকের পকেটে গুঁজে দিয়ে বলল, পরে দেখো।
কিছুক্ষণের মধ্যে ধপাস করে একটা শব্দ হলো।
কদম গাছের মগডাল থেকে পড়েছে নুক্কা,
মাথা পড়েছে নিচে। প্রথমে মট করে ঘাড় ভাঙলো, তারপর মাথার খুলি গুঁড়ো হয়ে মগজ ছড়িয়ে পড়লে নানান দিকে।
তৌফিকের মনে পড়ল, কেয়া তার পকেটে কিছু একটা গুঁজে দিয়েছে। তৌফিক পকেট থেকে বের করে কেয়ার কাগজটা পড়ল।
কেয়া কাগজে লিখেছে, নুক্কা গাছ বাইতে পারে না। আমি আগে তাকে কদম ফুলের জন্য বলেছি; তখন আমাকে বলেছে। নুক্কা এখন গাছ থেকে পড়ে মরবে।
কেয়াকে ফেলে রেখে তৌফিক তার জীপ পর্যন্ত দৌড়ে গেল। জীপে লাফিয়ে উঠে ড্রাইভারকে শুধু বলতে পারল, পালাও।