আজ মঙ্গলবার (১৫ই আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ই আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ৭টায় তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের উদ্দেশ্যে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয়।
এর আগে ভোর সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।