অনিশ্চিত গন্তব্যের অভিযাত্রায়
এক কদম এগিয়ে দুকদম পিছিয়ে যায়
মগ্নচৈতন্যে দুর ভূবনের কে যেন ডাকে আমায়
কে যেন স্বপ্ন দেখিয়ে হাতছানিতে ডাকে ইঁশারায়।
বঞ্চিত জীবনে সুখের মরুদ্যান
হাতটি ধরে থাকা দুজনেই কম্পমান,
কে কাকে তুলবে টেনে, কে হবে আগুয়ান
এসো পরস্পরে হবো আশ্রয় ভুলে অভিমান।
বকুনি খেলেই চুপসে যাই
মনে হয় জগৎ সংসার মিথ্যে সবই,
আদর করে কাছে টানলেই সব ভুলে যাই
ভালোবাসার উদ্দীপনায় বেঁচে থাকার প্রেরণা পাই।
দেখেছি যত জেনেছি যত
তোমার হৃদয় গভীরের দীর্ঘশ্বাস,
জমানো কথা নিয়ে লিখব আলেখ্য উপন্যাস
হয়তো হবো একাকার, নয়তো হয়ে যাব ইতিহাস।
ঘর পোড়া গরু আছে কথায়
সিন্দুরে মেঘ দেখলেই ভয় পায়,
হয়তোবা আমিও পোড় খাওয়া তাই
আবেগিক পরাজয়ের ভয়, যদি সর্বস্ব হারাই!
জীবনের লেনা দেনা বুঝিনি তো কখনো তেমন
তাঁহারে ঘিরে স্বপ্ন দেখা, নুতন করে বাঁচার অবলম্বন।