সোমবার, মে ২৫, ২০২৬

‘ম্যাডলিন’ জাহাজ গাজার দিকে: গ্রেটা থুনবার্গসহ মানবতার বার্তাবাহীরা অবরোধ ভাঙতে প্রস্তুত

  • নিজস্ব প্রতিবেদন,
  • ২০২৫-০৬-০৮ ১২:৫৯:৩১
ছবি সংগৃহিত

ঢাকা-৮ জুন ২০২৫
গাজা উপকূলের শান্ত জলরাশি এখন উত্তাল, মানবতার সর্বশেষ এক অভিযানকে ঘিরে। অবরুদ্ধ উপত্যকার মানুষের দিকে ছুটে চলেছে ‘ম্যাডলিন’ নামের একটি ত্রাণবাহী জাহাজ। এই জাহাজ শুধু খাদ্য বা ওষুধ বহন করছে না-এটি বহন করছে এক বৈশ্বিক নৈতিক অবস্থান, যেখানে যুদ্ধ নয়, মানুষই মুখ্য।
বিশ্বজুড়ে আলোড়ন তোলা জলবায়ু আন্দোলনের প্রতীক গ্রেটা থুনবার্গ এবার যুক্ত হয়েছেন নতুন এক সংগ্রামে-মানবিকতা রক্ষার অভিযানে। তাঁর নেতৃত্বে ১২ জন সমাজকর্মী ও মানবাধিকারকর্মী নিয়ে যাত্রা শুরু করেছে এই জাহাজ। বর্তমানে এটি মিশরের উপকূলে অবস্থান করছে।
জার্মান মানবাধিকারকর্মী ইয়াসেমিন আচার জাহাজ থেকেই বার্তা দিয়েছেন, "আমরা সবাই সুস্থ আছি এবং সামনে এগিয়ে যাচ্ছি।" কিন্তু ‘ম্যাডলিন’ শুধু একটি জাহাজ নয়, এটি সেই প্রতিরোধের প্রতীক, যা গত দেড় দশক ধরে গাজার উপর চাপিয়ে দেওয়া নিষ্ঠুর নৌ অবরোধের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
২০১০ সালে বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল ‘মাভি মারমারা’ জাহাজের হত্যাযজ্ঞ, যেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ জন বেসামরিক মানুষ প্রাণ হারান। সেই রক্তাক্ত স্মৃতি আজও ইতিহাসে দগদগে। তবুও থামেনি মানবিকতার ফ্লোটিলা-বারবার নতুন নাম, নতুন মুখে ফিরে এসেছে তারা।
২০২৫ সালের ‘ম্যাডলিন’ সেই ধারাবাহিকতারই সর্বশেষ অধ্যায়। এবার শুধু খাদ্য নয়, বিশ্ব বিবেকও এই জাহাজে চেপে গাজার পথে এগিয়ে যাচ্ছে।
‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের’ অন্যতম মুখপাত্র এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান জাহাজ থেকেই একটি তীব্র বার্তা দিয়েছেন: “গাজায় পৌঁছানো ‘ম্যাডলিন’-এর অধিকার, এবং তা রোধ করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।”
তাঁর মতে, মানবিক ত্রাণবাহী জাহাজে হামলা চালানো মানেই হচ্ছে দুর্ভিক্ষগ্রস্ত শিশুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
ইসরায়েল আগেই স্পষ্ট জানিয়েছে, তারা কোনোভাবেই এই জাহাজটিকে গাজায় ঢুকতে দেবে না। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র একে ‘নিরাপত্তা হুমকি’ বললেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এটি বস্তুনিষ্ঠ নয় বরং রাজনৈতিক দখলদারিত্বের ভাষ্য।
বর্তমানে ‘ম্যাডলিন’ জাহাজ গাজার উপকূল থেকে মাত্র ১০০ নটিক্যাল মাইল (প্রায় ১৮৫ কিলোমিটার) দূরে অবস্থান করছে। ঠিক এই অঞ্চলেই অতীতে ইসরায়েল একাধিক জাহাজে হামলা চালিয়েছে বা আটকে দিয়েছে। আশঙ্কা রয়েছে, এই জাহাজও হতে পারে সেই একই আক্রমণের শিকার।
ম্যাডলিন’ বহন করছে খাবার, ওষুধ, শিশুদের প্রয়োজনীয় সামগ্রী, কিন্তু তার চেয়েও বেশি কিছু-একটি বার্তা: “অবরোধের বাইরে একটি মানবিক পৃথিবী সম্ভব।” এতে আছে প্রতিবাদ, নৈতিক অবস্থান এবং দুনিয়ার ক্ষমতাধরদের উদ্দেশে এক স্পষ্ট চ্যালেঞ্জ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান ইসরায়েলি আক্রমণে ৫৪,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,২৫,৬৫০ জনের বেশি আহত হয়েছেন। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া বলছে, ৬১,৭০০-এর বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার ২০ লাখের বেশি মানুষ বর্তমানে দুর্ভিক্ষের ঝুঁকিতে।
‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ ২০১০ সাল থেকে গাজার ওপর চাপিয়ে দেওয়া অবরোধের বিরুদ্ধে নন-ভায়োলেন্ট রেজিস্ট্যান্স গড়ে তুলেছে। একে একে বিশ্বের বহু সংগঠন, স্বেচ্ছাসেবক এবং রাজনীতিবিদ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন।
এই ফ্লোটিলা শুধু ত্রাণ নয়, গণতন্ত্র, মানবাধিকার এবং বিবেকের পক্ষে দাঁড়ানোর এক বাস্তব রূপ।
‘ম্যাডলিন’ জাহাজ এখনো গাজায় পৌঁছায়নি। কিন্তু এটি ইতোমধ্যেই পৌঁছে গেছে হাজারো মানুষের হৃদয়ে, যারা চায় একটি সীমান্তহীন মানবতা।

বিশ্ব এখন তাকিয়ে-এই নৌযাত্রা কি পারবে মানবতার পতাকা গাজার উপকূলে পৌঁছে দিতে?

সময় বলবে তার উত্তর।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি আল-জাজিরা, এএফপি, এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের তথ্যের ভিত্তিতে তৈরি।

প্রতিবেদন: সকালের আলো আন্তর্জাতিক ডেস্ক


এ জাতীয় আরো খবর