সোমবার, মে ২৫, ২০২৬

মহেশখালীতে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৫-২৪ ২২:৫৭:০৮

মহেশখালী কক্সবাজার 
মহেশখালী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে  মাদক  মামলায়  যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত  এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রবিবার (২৪ মে)  উপজেলার  কালারমারছড়া ইউনিয়নের ইউনুসখালী মাইজপাড়া এলাকায়
অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এএসআই শরীফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অংশ নেন। 
দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আসামি মোঃ ইসমাইল (৫৫) কালারমারছড়া ইউনিয়নের ইউনুসখালী মাইজপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। 
তার বিরুদ্ধে চকরিয়া আদালতের জিআর-৪৯৫/২২ এবং এসটি-১০২৭/২৩ নম্বর মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/১০(ঘ) ধারায় মামলা দায়ের হয়। মামলাটির বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্র জানায়, আদালতের রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পেয়ে মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। 
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।


এ জাতীয় আরো খবর