বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

অ গ্নি শি খা ঝু ম ঝু ম

  • ডাকছে আকাশ
  • ২০২৫-০৬-০৭ ১৫:৫৮:২৪

হঠাৎ করে জানলা খুলে দেখি 
আকাশ জুড়ে সাদা মেঘের দল 
বলছে আমায় স্বপ্ন দেখা ছেড়ে 
বাঁচতে হলে হাওয়ায় ভেসে চল ...

আর কতকাল থাকবি অপেক্ষায় 
স্বপ্ন দেখেই করবি জীবন শেষ?
আয় আমাদের সাথেই ভেসে চল 
দেখবি নিজে সত্যি সুখের দেশ...

নীল আকাশে ভালোবাসার মন 
আদর করে জড়িয়ে নেবে তোকে 
কি হবে আর পরের কথা ভেবে 
যা বলে আজ বলুক মন্দ লোকে...

লোকের কাজই মন্দ কথা বলা 
কষ্ট পেলে কেউ নেই তোর পাশে 
দেখবি যখন আসবে সুখের দিন 
কত লোকেই বন্ধু সেজে হাসে...

মানুষ চিনে নিবি দূরের থেকে 
কাছের থেকে সবই লাগে ভালো 
লুকিয়ে থেকে দেখিস যদি তবে 
বুঝবি সবই ধোঁয়ায় ঢাকা কালো...

জানলা খুলে আকাশ কে আজ দ্যাখ 
দুঃখ কতই লুকিয়ে রাখে বুকে 
মনের মাঝে রামধনু রঙ তার
বৃষ্টি মেখে আছে কেমন সুখে...

তুই খুঁজে নে সুখের ঘরের চাবি 
বন্ধ কপাট তোর জন্য নয় 
আমরা আছি মেঘের ভেলা নিয়ে 
ভাসবি সুখে, নেই কোনো আজ ভয়...

তাইতো হঠাৎ জানলা খুলে দেখি 
ডাকছে আকাশ, আর কিছুনা চাই 
ডাকছে আমায় সাদা মেঘের দল 
আসবো ফিরে, আজকে আমি যাই...
 


এ জাতীয় আরো খবর