বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পবিত্র ঈদুল আজহা আজ: ত্যাগ ও ভ্রাতৃত্বের অনুপম দৃষ্টান্তে উদযাপন সারাদেশে

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৬-০৭ ০১:৩৩:৫০
ফাইল ছবি

আজ শনিবার (৭ জুন), ধর্মীয় মর্যাদা ও চরম ত্যাগের মহান আদর্শে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকা সহ সারাদেশে মুসলিম ধর্মাবলম্বীরা সকালেই ঈদের জামাতে অংশ নিচ্ছেন, এবং নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিচ্ছেন।
ঈদুল আজহা, যা আরবি ১০ জিলহজ তারিখে পালিত হয়, মূলত হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণে উদযাপিত হয়। হজরত ইব্রাহিম (আ.) প্রিয় সন্তান ইসমাইল (আ.)-কে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন। সেই ইতিহাস মুসলিম সমাজে আত্মশুদ্ধি, ত্যাগ ও ঈমানের অনুপম শিক্ষা হিসেবে বিবেচিত।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, “ঈদুল আজহার উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগের শিক্ষা। হজরত ইব্রাহিম (আ.) যে অগাধ ভালোবাসা ও অবিচল আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও মানবজাতির জন্য শিক্ষণীয়। এ শিক্ষা সমাজে সহানুভূতি, সাম্য ও শান্তির বীজ বপন করে।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “ঈদুল আজহা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি শান্তি, ত্যাগ ও সামাজিক সাম্যের এক পরিপূর্ণ পাঠশালা। ঈদের এই দিনে আমরা যেন দরিদ্র-দুঃস্থদের পাশে দাঁড়াই, কোরবানির খুশি সবার মাঝে ছড়িয়ে দিই।”
তিনি আরও বলেন, “আসুন, পবিত্র এই দিনে কোরবানির মহান ত্যাগের আদর্শ হৃদয়ে ধারণ করে ‘জুলাই অভ্যুত্থান’-পরবর্তী নতুন বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।”
আজ সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যগণ, কূটনীতিক এবং বিশিষ্ট নাগরিকেরা। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি পৃথক জামাতের আয়োজন করা হয়েছে:
সকাল ৭টায়: ড. খলিলুর রহমান মাদানী
সকাল ৮টায়: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী
সকাল ৯টায়: ড. মুশতাক আহমদ
সকাল ১০টায়: মুফতি মো. আব্দুল্লাহ
সকাল ১০:৪৫টায়: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন

ঢাকা ছাড়াও দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রামে-গঞ্জে স্থানীয় ঈদগাহ, মাঠ, মসজিদ ও উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদুল আজহার প্রকৃত শিক্ষা কেবল পশু কোরবানি নয়-বরং হৃদয়ের পশুত্বকে বর্জন করে আত্মশুদ্ধি ও মানবিকতার বিকাশ ঘটানোই এ উৎসবের মূল শিক্ষা। ইসলাম ধর্ম মতে, কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে এক অংশ আত্মীয়-স্বজন, এক অংশ দরিদ্র-দুঃস্থ এবং এক অংশ নিজের জন্য রাখা উত্তম।
এবারের ঈদে রাজধানীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কোরবানির মাংস পৌঁছে দিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে।
ঈদকে ঘিরে ডিএমপি, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোরবানির পশু জবাই, বর্জ্য ব্যবস্থাপনা ও যান চলাচলে যাতে বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে রাজধানীসহ সারাদেশে কাজ করছে প্রশাসন।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। ঈদের দিন ও পরদিন ভ্রাম্যমাণ টিম পশুর বর্জ্য অপসারণে নিয়োজিত থাকবে।
পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও নিবেদন দিয়ে মানুষের আত্মিক উৎকর্ষ ঘটায়। এই দিনে কোরবানির মাধ্যমে শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং দারিদ্র্য বিমোচন, মানবিকতা ও সামাজিক সংহতির এক অনন্য পরিবেশ তৈরি হয়।
আসুন, ঈদের এই আনন্দময় দিনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ত্যাগ, সহানুভূতি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন জোরদার করি। পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে শান্তি, সুখ ও কল্যাণ বয়ে আনুক-এই প্রার্থনাতেই মুখরিত হোক আজকের বাংলাদেশ।

 


এ জাতীয় আরো খবর