রবিবার, মে ৩, ২০২৬

জা ফ র ও বা য়ে দ

  • এসো
  • ২০২৫-০৬-০৬ ২৩:০৪:২২

সুনির্মিত স্মৃতিমঞ্চে এসো, এসো তুমিও প্রদীপ্ত পায়ে নেলসন ম্যান্ডেলার মতো
এসো নির্ভার দৃষ্টিতে তুমুল মৃত্তিকা নাড়িয়ে মাহাথিরের মতো
এসো তর্জনী তুলে, সময়ের সঙ্গ ছুঁয়ে শেখ মুজিবের মতো।
সময়ের দাবিমঞ্চে জড়ো হতে এসো – প্রস্ফুটিত হোক স্মৃতিসিক্ত রক্তজবা
ঝলকে উঠুক দুর্বিনীত জনতার মেটেরঙ আত্মার সুগন্ধী ফুল
মহাত্মার ছায়া পড়ে আছে এই নদীবেষ্টিত
পলিমাটির সিল্কি খোপায়!

খুনের স্নানে পবিত্র এ মাটির উত্থান কিংবা পতন কারও মুখাপেক্ষী নয়
এ মাটির মানুষের সংগ্রাম, সেও মুখ থুবড়ে পড়ে থাকবে না জড়বস্তুর মতো
একদিন উঠে দাঁড়াবেই মেঘহীন প্রভাতবেলার স্মৃতিময় সূর্যোদয়ের মতো
উদ্গত আলোর তাড়নায় রাত কেটে জাগবেই ফের সোনালি সুদিন
কোটি কোটি উৎসুক চোখে খেলা করে আলোর সরণ।


এ জাতীয় আরো খবর