শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

কোম্পানীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে বসতঘরে হামলা ভাংচুর লুট

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৬-০৬ ১৯:২৫:৪৩

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরফকিরা ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে একটি বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুট ও মহিলাদের শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা ৫জন মহিলাকে পিটিয়ে আহত করে।
বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামের বেলায়েত হোসেনের নতুন বাড়ীতে এঘটনা ঘটে। এবিষয়ে পুরুষ শূন্য ওই বাড়ীর রোকসানা আক্তার বাদী হয়ে রাতেই কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
আহতরা হলেন, রোকসানা আক্তার (২৮), নুর নাহার (৩৮), আনোয়ারা বেগম (৫২), নয়ন তারা (২৫) ও জেসমিন আক্তার (৩২)।
শুক্রবার বেলা ১১টায় স্থানীয় সাংবাদিকরা সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে গেলে স্থানীয় রাজনৈতিক সন্ত্রাসী ইকবাল হোসেন বাহার (৪০) ও আবুল কালাম কালা (২৮) কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মারমুখি অশোভন আচরণ করে।
অভিযোগে জানা যায়, জায়গা জমির মালিকানা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার পর চরকালী গ্রামের বেলায়েত হোসেনের বাড়ীতে প্রকাশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র লাঠিসোটা নিয়ে ২০-২৫জন অনধিকার প্রবেশ করে। এসময় তারা হামলা, ভাংচুর, লুটপাট চালায়। হামলাকারীরা অশোভন গালাগাল ও মহিলাদের শ্লীলতাহানি করে। অভিযুক্ত শাহজাহান, বাহার উল্যাহ, আবুল কালাম বাদশা, জিসান, তামিম, সাইফুল, গোলাম সারোয়ারের নেতৃত্বে ২০-২৫ জনের দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা লোমহর্ষক হামলা ভাংচুর ও লুটের ঘটনা ঘটায়। উল্লেখিত বাড়ীতে কোন পুরুষ না থাকায় সন্ত্রাসীরা আলমিরার তালা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৩টি পরিবারে কোরবানির পশু কেনার দু’লাখ টাকা, ৬টি স্মার্টফোন লুট করে নেয়। এছাড়াও হামলাকারীরা টিনের ঘর, আসবাবপত্র ও তৈজসপত্র ভেঙ্গে ১৫-২০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এসময় হামলায় রোকসানাসহ ৫ জন আহত হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত বিমল চন্দ্র কর্মকার জানান, একই বিষয়ে উভয়পক্ষ পৃথক পৃথক দুটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এ জাতীয় আরো খবর