তিন তলার জানালার পাশে
তোমার দাঁড়িয়ে থাকার কল্পনাই ছিল আমার রাতের পূর্ণতা,
এক চিলতে কাপড় দুললেই বুঝতাম—
ভালোবাসা জানালার ওপারে হাঁটছে চুপিচুপি।
চুপিসারে কত চিরকুট
নেমে আসত বাতাসে ভেসে,
তোমার অক্ষরে লেখা—
"আসো, আজও তোমার জন্য অপেক্ষায় আছি।"
আমি দেরি করলে তুমি ছুঁড়ে দিতে
একটু জল—একটা অভিমান,
বিড়ালের মিউমিউ ডাকে তুমি হেসে উঠতে
আর আমি ভয়ে নয়, প্রেমে কাঁপতাম তখন।
তোমার হাসি ছিল পূর্ণিমার চাঁদের মতো—
আকাশ ভেঙে পড়লে যেমন আলোয় ভরে যায় নদীর বুক,
তেমনি আমার বুক ভরে যেত শব্দহীন ছোঁয়ায়।
তোমার জানালার নিচে
ল্যাম্পপোস্টটা আজো জ্বলে,
কিন্তু আমি আর দাঁড়াই না সেখানে—
শুধু ভাবি,
তুমি কি এখনো একবারও দেখো ওদিকে?
তোমার চোখের কোল জলে ভিজে?
তোমার চোখের অশ্রু
যেমন ঝরে পড়ত আমার ঠোঁটে,
তেমনই আজো ঝরে,
কিন্তু ছুঁয়ে যেতে পারে না কেউ—
ভালোবাসা এখন
চিরকুট হয়ে রয়ে গেছে সময়ের পাতায়।
আর আমি?
আমি এখনো লিখি তোমার নাম,
প্রতি চাঁদনী রাতে,
প্রেম মানে এখন—
একটা জানালার দিকে তাকিয়ে থাকা,
আর মনে মনে বলি,
"চিরকাল তুমি, জানালার পাশে থেকো..."