শনিবার, মে ২, ২০২৬

বা নী পা ল

  • অপেক্ষমান
  • ২০২৫-০৬-০১ ১৫:২১:৪০

কাঠগোলাপের বুকের ভিতর
মেঘ জমেছে ভীষণ,
আজ বিকেলের চায়ের কাপে 
বৃষ্টি, তোমার আমন্ত্রণ।

আজ অবেলার আগুন হাওয়া 
তোমার নামেই থাক,
অপেক্ষমান প্রেমের শহর যেন
জ্বলে পুড়ে খাক।

কতদিন হল বাগানে আসেনি মালি
ফুল কুঁড়ি ছোঁয়নি ভ্রমর,
কতদিন দেখিনি আকাশের কান্না
ভেজায়নি শুকনো শহর।

সন্ধ্যায় হোক আকাশ অবরোধ
অসহায় হোক গোধূলি,
ধ্রুবতারা যাক আরো দূরে সরে 
মাটির প্রদীপ জ্বালি।

চায়ের গায়ে অভিমানের পরত
মেঘের এ কেমন ইশারা?
বৃষ্টিরও কি আজ মন ভালো নেই, 
তাই কি দেয়নি সাড়া? 

স্পর্ধার শেষ চিঠি আজও লিখেছি
শ্লোকের নীল সাদা খামে,
ক্লান্তির পথ্য হাতে নিয়ে বসে আছি 
দেখি, কখন বৃষ্টি নামে...


এ জাতীয় আরো খবর