বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু,গ্রেফতারি পরোয়ানা জারি

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৬-০১ ১৫:০০:৩৮
ফাইল ছবি

ঢাকা | ১ জুন ২০২৫ | 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাই-অগাস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে অভিযুক্ত করে এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচার প্যানেল মামলাটির শুনানি গ্রহণ করেন। এদিন আদালতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান প্রসিকিউশন টিম।
বর্তমানে পুলিশের সাবেক আইজিপি মামুন পুলিশের হেফাজতে থাকলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অবস্থান নিয়ে সংশয় রয়েছে। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী ১৬ জুন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে-২০২৪ সালের জুলাই ও আগস্টে দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে শেখ হাসিনার সরকার পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালায়। নিরস্ত্র ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। যার ফলে দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় পড়ে। এতে পরিকল্পনা, নির্দেশনা ও নির্বিচার হত্যার মাধ্যমে জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘন হয়েছে। প্রসিকিউশন দল বলেছে, এটা ‘রাষ্ট্রীয় মদদে গণহত্যা’ ছিল।
এটাই শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক মামলা। এর মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক একটি বিচারিক স্তরে পৌঁছেছে। পাশাপাশি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সর্বোচ্চ কর্মকর্তাও অভিযুক্ত হওয়ায় এটি প্রশাসনিক কাঠামোর ওপর বড় প্রশ্ন তুলেছে।
গত বছরের ডিসেম্বরেই ট্রাইব্যুনাল দুইটি মামলায় শেখ হাসিনাসহ ৪৬ জন রাজনীতিক ও প্রশাসনিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিল। এর ধারাবাহিকতায় ১২ মে জমা পড়ে তদন্ত প্রতিবেদন। এরপর রবিবার আদালত আনুষ্ঠানিকভাবে মামলার অভিযোগ আমলে নেয়।
গণআন্দোলনে হত্যার ঘটনায় শীর্ষ পর্যায়ের নেতাদের বিচার প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে দেশের মানবাধিকার পরিস্থিতি, রাষ্ট্রীয় জবাবদিহিতা এবং রাজনৈতিক সংস্কৃতির নতুন এক ধাপ সূচিত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
অনেকেই মনে করছেন, এই মামলার বিচারিক ফলাফল বাংলাদেশের গণতন্ত্র, আইন-শাসন এবং ভবিষ্যতের রাজনৈতিক কাঠামোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

 


এ জাতীয় আরো খবর