বুধবার, আগস্ট ২৬, ২০২৬

গোলাপগঞ্জে টিলা ধসে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

  • গোলাপগঞ্জ প্রতিনিধি
  • ২০২৫-০৬-০১ ১২:৪৩:১৯
ছবি সংগৃহিত

গোলাপগঞ্জ (সিলেট) | ১ জুন ২০২৫ | 
সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে টিলা ধসে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজন। উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাতে।
নিহতরা হলেন-বখতিয়ার ঘাট গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), কন্যা সামিয়া (১৪) এবং পুত্র আলী আব্বাস (৯)। তাঁরা সবাই রাতে ঘুমিয়ে ছিলেন, এ সময় পাশের টিলা ধসে তাদের বসতঘরের ওপর পড়ে।
ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ টিলার বিশাল অংশ ভেঙে রিয়াজ উদ্দিনের ঘরের ওপর চাপা পড়ে। পরিবারের সদস্যরা তখন সবাই ঘুমিয়ে ছিলেন। টিলা ধসে তাদের কেউই বের হতে পারেননি।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে চারটি মরদেহ উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, “আমরা মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি।”
স্থানীয়দের অভিযোগ, বখতিয়ার ঘাটসহ আশপাশের এলাকায় অবৈজ্ঞানিকভাবে টিলা কাটা হচ্ছে দীর্ঘদিন ধরে। ফলে বর্ষা বা বৃষ্টির মৌসুমে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে টিলা কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

 


এ জাতীয় আরো খবর