চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল –আজহার পূর্বেই জেলা কমিটির গঠনের প্রস্তুতি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় এবং আলোচনা সভা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। শুক্রবার (৩০মে) বিকালে জেলা শহরের একটি অভিজাত রেস্তোঁরায় আয়োজিত সভায় অংশ নেন কেন্দ্রীয়,রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এনসিপির কেন্দ্রীয় এবং প্রচার ও প্রকাশনা সম্প্রসারণ সেলের সদস্য আসিফ মোস্তফা জামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় সংগঠক এবং রাজশাহী অঞ্চল তত্বাবধায়ক ইমরান ইমন। এছাড়াও বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক রাসেদুজ্জামান রাসেল,এনসিপি শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক মনিরুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। নজরুল ইসলামের সঞ্চলনায় স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক আব্দুর রাহিম,সদস্য সচিব সাব্বির আহমেদ,রাজশাহীর নাহিদুল ইসলাম,সদরের এনসিপি কর্মী জামাল উদ্দিন,আলাউল হক,গোমস্তাপুর উপজেলার রুলিয়ারা বেগম,নাচোল উপজেলার রাজিবুল ইসলাম,ভোলাহাট উপজেলার বারিউল হক সহ অনেকে।
প্রধান অতিথি বলেন,এনসিপিও নির্বাচন চায়। তবে সেটা গণপরিষদ নির্বাচন। গণভোট। তার মাধ্যমে নতুন সংবিধান রচিত হবে। বর্তমান সংবিধানই ফ্যাসিবাদ সৃষ্টির কারণ বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদলের জন্য ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতা রক্ত দেন নি। পঙ্গুত্ব বরণ করেন নি। তিনি আরও বলেন,এনসিপি রাজনৈতিক দল হিসেবে সকল কার্যক্রম এখনও সম্পন্ন করতে পারে নি। জেলায় জেলায় কমিটি গঠন করা হয় নি। তবে সাংগঠনিক অনেক কাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জে ঈদের আগেই কমিটি দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনান্য বক্তরা বলেন, আমরা এখনই নির্বাচন চাই না। আগে সংস্কার ও ফ্যাসিবাদীদের বিচার। তারপর নির্বাচন।এনসিপির সাংগঠনিক কর্মকান্ড জোরদারের উপর গুরুত্ব দিয়ে তাঁর বলেন, এনসিপি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে না। ৭১ না হলে ২৪ কিভাবে হত? তাঁরা আরও বলেন, ছাত্র-জনতার যুদ্ধ কেবল শুরু হয়েছে। আগামী দিনে অনেক কাজ করা বাকী রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী-পেশার প্রায় দুইশত নারী-পুরুষ অংশ নেন।