বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

জি ল্লু র র হ মা ন প্রা মা নি ক

  • কোন এক বিহঙ্গ রাতে
  • ২০২৫-০৫-৩০ ১৯:২৪:৫২

কাল সারারাত ঘুম আসে নি
রাতের বিপন্ন নক্ষত্রগুলোও ঘুমহীন ছিলো
তোমার কুয়াশায় ভেজা কোঁকড়ানো চুলের ভেতর 
মনে পড়ে তোমার চন্দনি চোখের
দিশেহারা সেই রাত 
দমে দমে মিশে যাওয়া
ঘুম ভাঙা রুপোলি ডিঙ্গির মতো চোখ
চোখের ভেতর এক নিঃসঙ্গ করিডোর
ধুঁয়া ওঠা কফির মগে বিনোদিনী রঙিন
ঠোঁটের ছোঁয়া 
শালিক পাখির মতো
ঠোঁটে ঠোঁটে নিঃশ্বাস 
জীবনের গন্ধ নেমে আসে
শিশিরের ভেজা ভেজা সলাজ ডানায়
ডিমের সোনালি কুসুমের মতো
পিনন্নোত বুকের মধ্যখানে 
তোমার দীঘল এক নদী ছিলো
ঠিক নিঃসীম- নিস্পন্দ রাতের গ্রীবার মতো
সেখানে গৃহহীন পাখির ডানার নিচে 
তোমার চপল ঠোঁটের অন্য রকম
উষ্ণতা কফির রুপোলি ধুঁয়ায় মিশে যায়
উন্মন রাতের - উন্নিদ্র শ্মশানে
সফেদ বিধবা মগের ঠোঁটে হারিয়ে যায় 
তোমার স্বপ্নহীন-কোলাহলশূন্য
এক বিহঙ্গ রাত
স্বপ্ন-কল্পনার নিরুদ্বেগ বনমালীর
পিচ্ছিল জঘনে তোমার আলোহীন
পরাবাস্তব পৃথিবী-তন্বী ঠোঁটের
কুমারী চুম্বনে এক দিগম্বর 
বেওয়ারিশ আঁধারে 
অবশেষে মিশে গেলো
কালো কফির ধোঁয়ায়
তোমার কইতরি চোখের জল 
আমার বুকের  নোনা কংক্রিটে
আজো তা সাদা সাদা শিউলির মতো
কখনো ভাসে- কখনো ডুবে
কোনো এক বিহঙ্গ রাতে !


এ জাতীয় আরো খবর