ফুলের জলসা বসেছে এখানে
প্রকৃতি মেলেছে রঙিন আঁচল,
কচি পল্লব সনে শোভা পায় ওরা
কি চমৎকার আজি বনতল!
ঝিরিঝিরি বসন্ত সমীরণ,
হালকা দোলায় জাগে শিহরণ
নিরলম্ব হয়ে ঝরে পড়ে কচি ঘাসের বুকে
অরুণ রাঙা গোধূলি বেলায় কি গভীর শোকে।
অভিমানে অবহেলায় পড়ে আছে
কত শত ঝরা ফুল অচিরেই হবে বাসি,
আকুল হৃদয়ে আমি নিয়েছি কুড়িয়ে
উহ্যমান সেই প্রস্ফুটিত ফুল রাশি।
বসনে মোর ছিলনা নিচোল
তাই কি যে করি,
ভেবে ভেবে যতটা পেরেছি
নিয়েছি দু'হাতে ভরি।
রেখেছি সাজিয়ে ঝরা ফুল
আমি ক্ষনিকের তরে,
আহ্লাদে অনুরাগে মিটিয়ে সাধ
আমি দেখেছি নয়ন দুটি ভরে।
আলেখ্য হয়ে রয়েছে হৃদয়ে
মোর মনের উপবনে,
বিষাদে পূর্ণ অন্তর আজি
ওদের মলিন হবার ক্ষনে।
যদিও নেই সৌরভ ও দেহে,
নেই সামর্থ্য দিতে কোন সুমিষ্ট ফল
তবুও আসক্ত আমি তাই দৃষ্টিতে মোর
নন্দিত এই রঙিন পাপড়ির দল।