অমর হতে চাই আমি, সকলেই নিত্য তা চায়
ভালোবাসা ছুঁয়ে যেন বেঁচে থাকি প্রতি ক্ষণে ক্ষণে,
নিরন্তর ছায়া হই নীলাকাশে পাখির ডানায়
খুঁজে পাবে তুমি যখন হাঁটো একা, দূর নির্জনে।
অমর হতে চাই আমি, সুরেলা কবিতা গীতিতে
ভুলে যেও না আমায় কখনো শতেক ব্যস্ততায়,
যদি মিশে যাই সেই মহাকালে, কালের রীতিতে
শ্রাবণের আকাশে দেখবে চেয়ে মেঘের ছায়ায়।
একটি কবিতা হয়ে থাকি যখন হৃদয় জুড়ে
যখন তুমিও চুপচাপ কাঁদো একাকী নীরবে,
অমর হতে চাই নামেই নয়, কবিতা ও সুরে
চোখের ভাষায় রেখো, তুমিও তো আমারই রবে।
প্রতিটি নিশ্বাসে থাকি অমিয় অনুভবের জয়ে
অমর হতে চাই আমি, তোমার কণ্ঠস্বর হয়ে।