বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

প্র দী প গু প্ত

  • অলীকতা
  • ২০২৫-০৫-৩০ ১৪:৫৪:৩৯

কেন যে তুই আমার জানালায় এসে টুকি দিয়ে যাস!!
কেন যে ---
আমার দুপায়ে যে বয়েসের পাথর বাঁধা,
আমি যে ইচ্ছে হলেও সে ছেলেবেলার নদীটির পাড়ে গিয়ে
বসতে পারি না!
তুই কেন যে আমায় তোর কুলুকুলু সুরের গান শোনাতে আসিস,
কেন যে ---
আমার বুকের ভেতরের বাতাসে এখনো খুব গোপনে বসন্ত আসে--
খুব গোপনে ---
তুই কেন যে সেই দোপাটির চারা হয়ে বাতাসে রঙ ঢালিস
কেন যে ---
আমার ঝাপসা দুটো চোখে সবসময়ই কালো মেঘেরা
ঘরবাড়ি বানায়,
তোকে কে বলেছে অমল রোদ হয়ে উঁকি দিতে আমার
চোখ ছাড়িয়ে --
তুই আমার নীলকণ্ঠ পাখীর পালক,
তুই আমার রক্তকরবী।
তোর ডাকে কেন যে এ পাগল মন বিশু পাগলকে খুঁজে ফেরে --
কেন যে ---
তার চাইতে আমি এই বন্ধ করি আমার গবাক্ষ,
আমার এখন কোনো তুমুল বৃষ্টির কি দরকার বল দেখি?
আমার দুহাত জুড়ে যে বয়েসের কালো ছাতা।
সে ছাতা তো আমায় আর বৃষ্টিতে ভিজতে দেয় না।
তার চাইতে তুই আমার ঘুম হয়ে আয় ---
আমি স্বপ্নে ফের বসন্তের গান গাই --
আসবি?


এ জাতীয় আরো খবর