বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসছে। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের হাতে উঠতে যাচ্ছে বোর্ড সভাপতির দায়িত্ব। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রজ্ঞাপন জারির মাধ্যমে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
একদিন আগেও যিনি বোর্ডের শীর্ষপদে ছিলেন-ফারুক আহমেদ, নাটকীয় পরিস্থিতিতে তিনি সেই পদ হারিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালকের পদ বাতিলের পরপরই ফারুক কার্যত বোর্ড প্রধানের পদ থেকে বাদ পড়েন। শূন্য হওয়া ওই গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ হিসেবে এগিয়ে এসেছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রশাসনিকভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেট ভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকবাজ–কে দেওয়া সাক্ষাৎকারে আমিনুল বলেন, “আমি সবসময়ই ক্রিকেট উন্নয়নের সঙ্গে জড়িত ছিলাম। তবে আগে কখনো বোর্ড পরিচালনায় সরাসরি যুক্ত হওয়ার প্রস্তাব পাইনি। এবার যখন পেলাম, তখন না বলিনি।”
তিনি আরও বলেন, “আমার প্রধান লক্ষ্য হবে একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা এবং দেশের ক্রিকেটে একটি দক্ষ ও জবাবদিহিমূলক বোর্ড গঠন করা। আমি নিজে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, এটাও স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই।”
আজ বিকালে বিসিবি পরিচালনা পর্ষদের জরুরি সভা বসবে। সেই সভাতেই আমিনুলকে বোর্ড পরিচালক পদে অনুমোদন দেওয়া হতে পারে, যা তাকে সভাপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেবে। গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড পরিচালকরা ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করেন। বোর্ডে আমিনুলের ব্যাপারে ইতিবাচক সুর শোনা যাচ্ছে আগেই, ফলে তিনিই হতে যাচ্ছেন পরবর্তী বিসিবি সভাপতি-এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের ক্রিকেট প্রশাসনে অতীতে নানা অভিযোগ ও বিতর্ক থাকলেও, আমিনুল ইসলামকে নিয়ে আশাবাদী দেশের ক্রিকেট মহল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এ দীর্ঘদিন কাজ করা এই অভিজ্ঞ ক্রিকেট সংগঠক প্রশাসনিক সংস্কার এবং কাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন শুরুতেই।
একসময় মাঠের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া আমিনুল এবার আসছেন বোর্ডরুমে নেতৃত্ব দিতে। জাতীয় ক্রীড়া পরিষদ সূত্র জানায়, বিকাল নাগাদ প্রজ্ঞাপন জারির পরপরই বোর্ড সভায় তাকে সভাপতি নির্বাচিত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
সবকিছু ঠিক থাকলে, আজকের দিনটি বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে পারে একটি নতুন শুরুর দিন।
সংগ্রহ ও সম্পাদনা: সকালের আলো নিউজ ডেস্ক
তথ্যসূত্র: বিসিবি, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রিকবাজ