মানুষ আমার প্রিয় তাই জানলা দিয়ে মানুষ দেখি -
মানুষের বন্ধু মানুষ ছাড়া অন্য কেউ হয় নাকি?!
মানুষ তোমার আড়ি ভাঙে, মানুষ তোমার ভাবের সাথী,
মানুষ'ই হয় শোকের দিনে সমান কষ্টে সমব্যাথী।
এই যে তুমি হঠাৎ বলো- মানুষ বড় স্বার্থপর,
সত্যি করে বলতো মানুষ- তুমি আদৌ কতটা তার?
অসময়ে, দুখের দিনে মানুষ'ই তো পাশে দাঁড়ায়।
চোখের জল মুছিয়ে দিয়ে আগলে রাখে ভালোবাসায়-
কথায় কথায় এই যে বলো- ওরা মানুষ নয়, পাথর...,পাথর ।
সত্যি করে বলতো মানুষ- 'তুমি' মানুষের জন্য কতটা কাতর?
যখন তুমি আপন বিনে চুপটি থাকো নিজের মনে-
তখন তো মানুষই বলে- চুপ কেন ভাই আলাপ বিনে?
তুমি যদি পাশে দাঁড়াও, দেখবে তোমার পাশে ওরা'ও,
অন্তরে হাত রেখে মানুষ 'তুমি' নিজের মন'কে জাগাও।
মানুষ আমার প্রিয় তাই জানলা দিয়ে মানুষ দেখি।
মানুষের বন্ধু মানুষ ছাড়া অন্য কেউ আছে নাকি ?!