বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিওতে প্রধানমন্ত্রী ইউনূস: কর্মসংস্থান ও বিনিয়োগ অগ্রাধিকার

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-২৮ ১২:২৬:২৭
ছবি সংগৃহিত

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় বেলা ১১টা ১৫ মিনিটে (জাপান সময় দুপুর ২টা ৫ মিনিটে) তিনি টোকিওর হানেদা বিমানবন্দরে অবতরণ করেন।
প্রেস উইং সূত্র জানায়, নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই ফ্লাইটটি টোকিওতে পৌঁছে যায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানের প্রটোকল বিভাগের প্রধান কর্মকর্তারা।
এই সফরে ইউনূস অংশ নেবেন টোকিওতে আয়োজিত বহুল আলোচিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে। এ সম্মেলনে তিনি আঞ্চলিক শান্তি, প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং মানবিক নেতৃত্বের ভবিষ্যৎ বিষয়ে বক্তব্য রাখবেন।
এর পাশাপাশি, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তাঁর একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশে জাপানি বিনিয়োগ, মানবসম্পদ রপ্তানি এবং চলমান যৌথ প্রকল্পগুলো।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই সফরে বাংলাদেশের তরুণ ও প্রশিক্ষিত ১ লাখ কর্মীকে জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। বিশেষভাবে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং নির্মাণ খাতের জন্য বাংলাদেশি জনশক্তির চাহিদা রয়েছে বলে জানা গেছে।
এছাড়া, জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সঙ্গে বৈঠকে মাতারবাড়ি-মহেশখালী প্রকল্পসহ অবকাঠামো খাতে জাপানের বিনিয়োগ বাড়ানো ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হবে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে ৭টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব চুক্তির আওতায় অর্থনৈতিক অংশীদারত্ব, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর এবং শিক্ষা খাত উন্নয়ন অগ্রাধিকার পাবে।
এছাড়া, সফরের অংশ হিসেবে জাপানের কাছে ১ বিলিয়ন ডলারের স্বল্প সুদে উন্নয়ন ঋণ সহায়তা চাওয়া হবে, যা বাংলাদেশের মেগা প্রকল্প ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্যমতে, “এই সফরে সামরিক সহযোগিতা অগ্রাধিকার নয়, বরং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব ও উন্নয়ন সংলাপই মুখ্য।”
এছাড়া, বিমান চলাচলে বর্তমান স্থবিরতা কাটিয়ে উঠতে জাপানের সঙ্গে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়েও আলোচনা হবে।
সফর শেষে অধ্যাপক ইউনূস ৩১ মে সকালে টোকিও থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকা ফিরবেন। সেদিন রাতেই তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এই সফরকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, এটি শুধু রাষ্ট্রীয় সফর নয়, বরং বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও উন্নয়ন খাতকে জাপানের মতো অর্থনৈতিক পরাশক্তির সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করার একটি কৌশলগত প্রচেষ্টা।

 


এ জাতীয় আরো খবর