সোমবার, জুলাই ২৭, ২০২৬

সংখ্যায় পিছিয়ে থেকেও ইউরোপ সেরার মুকুট এমবাপ্পের

  • ক্রীড়া প্রতিবেদক
  • ২০২৫-০৫-২৭ ১১:৪৯:৪২
ছবি সংগৃহিত

গোল কম, কিন্তু পয়েন্টে এগিয়ে-এভাবেই ইউরোপ সেরা ফরোয়ার্ডের খেতাব জিতে নিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সদ্যসমাপ্ত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথমবারের মতো খেলার পরই তিনি তুলে নিলেন মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান গোল্ডেন শু।
লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুই গোল করে মোট গোলসংখ্যা ৩১-এ নিয়ে যান এমবাপ্পে। তবে প্রশ্ন উঠতেই পারে-৩৯ গোল করা ভিক্টর গিয়াকোরেস কেন দ্বিতীয়? উত্তর লুকিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শু পয়েন্ট ব্যবস্থায়।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (যেমন: লা লিগা, প্রিমিয়ার লিগ) প্রতি গোলের জন্য ২ পয়েন্ট করে দেওয়া হয়। কিন্তু অপেক্ষাকৃত নিচের সারির লিগে (যেমন: পর্তুগিজ লিগ) প্রতি গোলের মান ১.৫ পয়েন্ট। তাই পর্তুগালের স্পোর্তিং সিপির সুইডিশ স্ট্রাইকার গিয়াকোরেসের ৩৯ গোল হয়েও পয়েন্টে পিছিয়ে পড়েছেন।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন লিভারপুলের মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। তিনি ২৯ গোল করে শেষ ম্যাচে হ্যাটট্রিক করতে পারলে এমবাপ্পের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে থাকতে পারতেন। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল আসে মাত্র একটি।
এই অর্জনের মধ্য দিয়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শু জয় করলেন। তার আগে এই গৌরব পেয়েছিলেন হুগো সানচেজ (১৯৮৯–৯০) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (তিনবার)।
এই বছর ইউরোপিয়ান গোল্ডেন শু শুধুমাত্র গোলের সংখ্যার জন্য নয়, বরং লিগের মান, কৌশল এবং সময়োপযোগী পারফরম্যান্সের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। আর সেই বিচারেই এমবাপ্পে আবারও প্রমাণ করলেন, তিনি শুধু একজন স্কোরার নন, কৌশলগত খেলায়ও সমান দক্ষ।

 


এ জাতীয় আরো খবর