আমি এখনো খুঁজি অনুভবের প্রত্যন্ত অঞ্চলে
হারিয়ে যাওয়া আমার ম্বাপ্নিক কৈশোর বেলা!
আমি মিশে যাই, হেরে যাই অদৃশ্য
সময়ের ভেতর...
বাড়ির পাশে, ডোবার ধারে...
পরিযায়ী পাখির উড়াল কৈশোরে
চপল পাখি দেখে- মনকল্প ছন্দে
আমিও উড়ছি- আকাশও উড়ছে সাথে
মনে পড়ে সেদিন,
হেঁটেছি অনেক হাঁটা পথ, শিমুলের তল
দেখি ওড়নার আঁচলে...
সাথি বেঁধেছে শরীরী ফুল
তন্বী কিশোরী - দেহে তার নীল প্রজাপতি
হলুদিয়া আবির মেখেছিল গায়,
আমি খুঁজি কুয়াশায়
আমার বিব্রত কৈশোর
চোখের পাতায় শিমুলের রঙ,
নির্বাক কৈশোর- কলাপাতায় দোল খায়!
আমি পিছনে তাকাই আমার শরমাত বোধের গভীরে
অনুক্ত বয়সের স্বাপ্নিক বিশ্বাসের সেই
কৈশোর ফিরে আসে!