বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে গাজা: যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগে সম্মত হামাস,নীরব ইসরায়েল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৫-২৬ ২০:৩১:২০
ফাইল ছবি

দীর্ঘমেয়াদি রক্তক্ষয়ী সংঘর্ষে বিপর্যস্ত গাজা উপত্যকায় যুদ্ধের আগুন নিভতে পারে-এমন ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নতুন শান্তি প্রস্তাবে হামাসের সম্মতির মধ্য দিয়ে। মধ্যপ্রাচ্য সংকটে আলোচনার নতুন জানালা খুলে দিতে পারে এই প্রস্তাব, যা হামাস ইতোমধ্যে গ্রহণ করেছে বলে জানিয়েছে গোষ্ঠীটির ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি সূত্র।
প্রভাবশালী বার্তা সংস্থা রয়টার্স-এর বরাতে জানা যায়, প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছায় আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে। এতে একটি ৭০ দিনের যুদ্ধবিরতি, দুই ধাপে ইসরায়েলি জিম্মি মুক্তি, এবং ফিলিস্তিনি বন্দিদের গণমুক্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের প্রতিক্রিয়া এখনো প্রকাশ না হলেও, আলোচনার টেবিলে বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।
প্রস্তাবের মূল শর্তসমূহ:
৭০ দিনের যুদ্ধবিরতি, যার মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার অন্তর্ভুক্ত।
হামাস দুই ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।
ইসরায়েল মুক্তি দেবে বহু দীর্ঘমেয়াদি কারাবন্দি ফিলিস্তিনিকে, যাদের মধ্যে কয়েক শ দণ্ডপ্রাপ্ত বন্দিও রয়েছেন।

এই প্রস্তাবটি এমন এক সময় সামনে এলো, যখন গত ১৮ মার্চের পর থেকে গাজায় নতুন করে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান চলছে। জানুয়ারির সাময়িক যুদ্ধবিরতি কার্যত বাতিল করে পুনরায় আগ্রাসন শুরু করে তেলআবিব। এর প্রতিক্রিয়ায় হামাস ও তার মিত্র সংগঠনগুলো রকেট হামলার মাধ্যমে জবাব দেয়।
হামাস পরিষ্কার জানিয়েছে, ইসরায়েল যদি গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে, তবে তারা বাকি সব জিম্মি মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে। এ অবস্থান স্পষ্টতই যুদ্ধ সমাপ্তির একটি শর্তসাপেক্ষ দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান অনড়। তিনি বলেন, “হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত ইসরায়েল যুদ্ধ থামাবে না।” তিনি জিম্মি মুক্তির বিনিময়ে অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে মত দেন, স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কোনো অঙ্গীকার করেননি।
২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে গাজায় জিম্মি করে নেওয়া হয়। এই ঘটনার জেরে ইসরায়েল গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে, যার ফলে উপত্যকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার একটি বড় অংশ শিশু ও নারী। অবকাঠামো ধ্বংস, খাদ্য সংকট ও স্বাস্থ্যসেবার ভেঙে পড়ায় পুরো অঞ্চলজুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভাষায়, “চরম অপুষ্টি এখন গাজার শিশুদের চোখেমুখে।”
বিশেষজ্ঞদের মতে, এই নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতারই ফল, যেখানে যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা নিশ্চিতকরণকেও গুরুত্ব দেওয়া হয়েছে। হামাসের সম্মতি সংকট নিরসনের এক ধাপ বটে, তবে চূড়ান্ত সমাধান নির্ভর করছে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার ওপর।
গাজার মানুষ এখন তাকিয়ে আছে একটিমাত্র দিকে-নিঃশ্বাস নেওয়ার সুযোগ, একটু শান্তি, একটু বেঁচে থাকার সম্ভাবনা।


এ জাতীয় আরো খবর