বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

৫ আগস্ট বেঁচে ফিরেছিলেন ভাগ্যের জোরে: মুখ খুললেন ওবায়দুল কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-২৬ ১৫:১৮:৩৯
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের গণমাধ্যম দ্য ওয়াল-এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেদিন ছাত্র-জনতার বিক্ষোভে তিনি মৃত্যু থেকে অল্পের জন্য রক্ষা পান।
ওই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা।

পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন স্ত্রীসহ
সাক্ষাৎকারে কাদের জানান, আন্দোলনের তীব্রতা বাড়তে থাকলে নিজের সংসদীয় এলাকা থেকে পাশের একটি বাসায় আশ্রয় নেন। কিন্তু সেই বাসাটিও বিক্ষোভকারীদের নজর এড়ায়নি। তিনি বলেন, “বাসার ভেতরে ঢুকে পড়ে অনেকেই। আমি স্ত্রীসহ বাথরুমে লুকিয়ে ছিলাম প্রায় পাঁচ ঘণ্টা।”
ওই সময় তার স্ত্রী বাথরুমের দরজায় দাঁড়িয়ে বিক্ষোভকারীদের বোঝাতে থাকেন, তিনি (ওবায়দুল কাদের) অসুস্থ। তবে কেউ কেউ জোর করে ভিতরে ঢুকতে চায়। পরে দরজা খুলে দিলে কিছু যুবক তাদের সামনে আসে।

আগ্রাসী থেকে আচমকা ‘সহানুভূতিশীল’
প্রথমে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত ভঙ্গিতে কথা বললেও একপর্যায়ে আচরণে পরিবর্তন আসে। কাদের বলেন, “তারা ছবি তুলতে চায়, সেলফিও তোলে। কেউ কেউ আমাকে চিনে ফেলে। তাদের আচরণ হঠাৎই বদলে যায়।”
এরপর তারা কাদেরকে একটি শার্ট, লাল ব্যাজ ও মুখে মাস্ক পরিয়ে রাস্তার দিকে হাঁটিয়ে নেয়। হঠাৎ করে একটি খালি ট্যাক্সি বা ইজিবাইক এসে গেলে, দুই যুবক তাকে ও তার স্ত্রীকে তুলে দেয় এবং হাসপাতাল নেওয়ার অজুহাতে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

“অপ্রত্যাশিত রক্ষা, এ যেন অলৌকিক”
ঘটনার স্মৃতি রোমন্থন করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, “যাদের আক্রমণ থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম, তারাই শেষ পর্যন্ত আমাকে রক্ষা করে। এটা ছিল একেবারে অপ্রত্যাশিত। ভাগ্য ছাড়া এমন কিছু হয় না।”

সত্যতা যাচাই করা যায়নি
তবে এই সাক্ষাৎকারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল সাক্ষাৎকারটি আনুষ্ঠানিকভাবে তাদের প্ল্যাটফর্মে প্রকাশ করেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে টানা ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলে দলটির মন্ত্রী-এমপিদের বড় অংশ আত্মগোপনে চলে যান বা দেশ ছাড়েন।

তথ্যসূত্র: দ্য ওয়াল, সামাজিক মাধ্যম পর্যবেক্ষণ

 


এ জাতীয় আরো খবর